Sylhet Today 24 PRINT

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২৬

বিশ্বজুড়ে সংবাদ সম্প্রচার জগতে বৈপ্লবিক পরিবর্তন আনা গণমাধ্যম ব্যক্তিত্ব ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।

বুধবার (৬ মে) ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়।

টার্নার এন্টারপ্রাইজের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সিএনএন এই খবর নিশ্চিত করেছে।

তবে তার মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে টার্নার জানিয়েছিলেন, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামের একটি স্নায়বিক রোগে ভুগছেন।

টেড টার্নারের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের সিইও মার্ক থম্পসন এক বিবৃতিতে তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "টেড ছিলেন একজন অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ভীক নেতা। তিনি সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতেন। তিনি সেই বিশাল ব্যক্তিত্ব, যার ওপর ভিত্তি করেই আজ আমরা দাঁড়িয়ে আছি।"

১৯৭০ সালে আটলান্টার একটি ধুঁকতে থাকা টেলিভিশন স্টেশন কেনার মাধ্যমে টার্নারের সম্প্রচার জগতের যাত্রা শুরু হয়। এর ১০ বছর পর ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন সিএনএন (ক্যাবল নিউজ নেটওয়ার্ক), যা ছিল বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল। নব্বইয়ের দশকের শুরুতে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সংবাদ প্রচার করে সিএনএন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়। তার এই সাফল্য পরবর্তীতে ফক্স নিউজ ও এমএসএনবিসি-র মতো চ্যানেল তৈরির পথ তৈরি করে দেয়।

সংবাদ মাধ্যমের বাইরেও বিনোদন জগতে তার প্রভাব ছিল বিশাল। তিনি টিবিএস, টিএনটি, কার্টুন নেটওয়ার্ক এবং টার্নার ক্লাসিক মুভিজের মতো জনপ্রিয় চ্যানেলগুলো গড়ে তোলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.