Sylhet Today 24 PRINT

স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধীদের আনন্দের বার্তা: ইরান

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৬

ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের বিশ্বকাপ জয়ের পর দেশটিকে অভিনন্দন জানিয়েছে ইরান।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, স্পেনের এই বিজয় বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরোধিতাকারী মানুষের মনে আনন্দ এনে দিয়েছে। খবর আল জাজিরার

গাজায় ইসরায়েলের চালানো চালানো যুদ্ধকে ‘গণহত্যামূলক’ আখ্যা দিয়ে স্প্যানিশ সরকারের নিন্দা এবং ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধের কড়া সমালোচনার কারণে বিশ্বজুড়ে মানুষের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পায় জয়ী দলটি।

অন্যদিকে, ইসরায়েলি রাজনীতিবিদ এবং ফুটবল ভক্তরা আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন, যার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের নীতিগুলোর একজন সোচ্চার সমর্থক।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, “খেলোয়াড়দের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন... প্রমাণ করে যে স্বাধীনতা এবং আত্মপ্রত্যয় হলো ওই বুদ্ধিমান ও শ্রদ্ধাশীল জাতির বৈশিষ্ট্য।”

তিনি আরও যোগ করেন, স্পেনের ১-০ গোলের এই জয় “কেবল স্প্যানিশ জনগণের হৃদয়কেই আনন্দিত করেনি, বরং বিশ্বের বহু মুক্ত, স্বাধীন এবং ন্যায়পরায়ণ জাতির হৃদয়কেও আনন্দিত করেছে।”

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন: “সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা এবং নিপীড়নের বিরুদ্ধে স্প্যানিশ জাতীয় দলের আচরণ এবং সামগ্রিকভাবে স্পেনের অবস্থান অত্যন্ত মূল্যবান ছিল।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.