সিলেটটুডে ডেস্ক | ০৫ আগস্ট, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্য ও ভুল তথ্য উপস্থাপনের জন্য বাংলাদেশে পরিচিতি পাওয়া ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল 'রিপাবলিক বাংলা' ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কী কারণে চ্যানেলটি ছেড়ে দিলেন এবং নতুন কোথায় যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে কী করবেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি।
পোস্টে তিনি লিখেছেন, 'হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন, কীসের জন্য, সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।'
তিনি আরও লিখেছেন, 'সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কী? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।'
সমর্থক ও সমালোচকদের নিয়েও পোস্টে মন্তব্য করেছেন তিনি। লিখেছেন, 'আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।'
এদিকে রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেওয়ার দিনই পৃথক একটি পোস্টে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনাকে 'একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান' বলে উল্লেখ করেছেন ময়ূখ।
শেখ হাসিনা ভারতে যাওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্য ও নিজস্ব স্টাইলে মনগড়া তথ্য উপস্থাপনের কারণে আলোচনায় আসেন ময়ূখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনার ধরনের কারণে ফেসবুকে সে সময় ব্যাপক ট্রলেরও শিকার হন তিনি। সঠিত তথ্য উপস্থাপনের বদলে নিজস্ব মতামত তুলে ধরার কারণে অনেকেই তার সমালোচনা করেন।
ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে ছিল অনেকটাই বিনোদনমূলক। আবার কেউ কেউ মনে করেন, এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে।