Sylhet Today 24 PRINT

জাতিসংঘে সিএনএন সাংবাদিক কেইটলান কলিন্সকে দেখে খেপে গেলেন ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: এএফপি

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে সিএনএন-এর সাংবাদিক কেইটলান কলিন্সকে দেখে খেপে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, ‘আপনার এখানে থাকা উচিত নয়।’

মঙ্গলবার জাতিসংঘে ভাষণের আগে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে এ গণমাধ্যমের কর্মীরা কার্যত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন না। খবর এপির।

সাধারণ পরিষদে ভাষণের আগে জাতিসংঘে প্রবেশের সময় ট্রাম্প কেইটলান কলিন্সকে বলেন, সিএনএন তার সংবাদ সংগ্রহ করতে আসায় তিনি অবাক হয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি অবাক হচ্ছি যে সিএনএন এখানে আমার সংবাদ সংগ্রহ (কভার) করতে এসেছে। আপনাদের এখানে আমার সংবাদ সংগ্রহ করার কথা না। আপনারাই তো বলেছিলেন যে আমার সংবাদ সংগ্রহ করবেন না।’

তবে সম্প্রচারে ফিরে কলিন্স প্রেসিডেন্টের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে জানান, তারা প্রতিদিনই প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা করবেন।

হোয়াইট হাউস প্রাঙ্গণে সিএনএন-কে নিষিদ্ধ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও, জাতিসংঘে নিয়মিত ক্রেডেনশিয়ালড মিডিয়া হিসেবে তাদের প্রবেশের অনুমতি ছিল।

এদিকে, হোয়াইট হাউসের এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সোমবার আদালতে যৌথ মামলা দায়ের করেছে তিনটি সংবাদমাধ্যম। বুধবার বিকেলে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় থেকে নেতিবাচক সংবাদ প্রচারকে ‘দেশের জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। আদালতে হোয়াইট হাউসের বিপক্ষে রায় গেলে গণমাধ্যমগুলোকে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিলেও, মামলার দায়িত্বপ্রাপ্ত মার্কিন জেলা বিচারক টিমোথি কেলিকে ‘অপেক্ষাকৃত কম নিরপেক্ষ’ বলে কটাক্ষ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘সুতরাং আপনি কখনোই বলতে পারবেন না (ভুয়া তথ্য)। আমি মনে করি ভুয়া খবর মুছে ফেলার অধিকার আমাদের আছে।’

এই নিষেধাজ্ঞার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদমাধ্যমগুলো সংহতি প্রকাশ করেছে। সিএনএনের জায়গায় অন্য কোনো নেটওয়ার্ককে স্থলাভিষিক্ত না করে সব ধরনের ‘পুল’ সংবাদ সংগ্রহ স্থগিত করতে সম্মত হয়েছে অন্যান্য নেটওয়ার্কগুলো। এর পাশাপাশি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা প্রেসিডেন্টের ইভেন্টের ছবি প্রকাশ না করার সম্মিলিত সিদ্ধান্তে একমত হয়েছে।

সিরাকিউজ ইউনিভার্সিটির ব্লেয়ার সেন্টার ফর টেলিভিশন অ্যান্ড পপুলার কালচারের পরিচালক রবার্ট থম্পসনের মতে, সর্বদা স্পটলাইট-প্রেমী প্রেসিডেন্টের জন্য এই সংবাদ সংগ্রহহীন অবস্থা ক্ষতিকর হওয়ায় নিষেধাজ্ঞাটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তবে সংবাদমাধ্যমের মৌলিক স্বাধীনতার বিষয়ে প্রেসিডেন্টের এমন অবলীলায় করা বিরূপ মন্তব্যগুলোকে অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এই বিশ্লেষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.