সিলেটটুডে ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
তিন দিনের সফরে ওয়াশিংটনে পৌঁছানো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে বিমানঘাঁটিতে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
জিংপিংকে লাল গালিচা সংবর্ধনায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ বিমানঘাঁটি ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুজ’-এ উপস্থিত হয়ে শি জিনপিংকে বিরল এক রাজকীয় অভ্যর্থনা জানান।
সাধারণত হোয়াইট হাউসে অভ্যর্থনা জানানো হলেও এবার বিমানবন্দরে ১০০ ফুট দীর্ঘ লাল গালিচা বিছিয়ে, ২১ বার তোপধ্বনি এবং ‘বি-ওয়ান’ বোমারু বিমানের ফ্লাইপাস্টের মাধ্যমে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে স্বাগত জানান ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছানোর পর দুই পরাশক্তি তাদের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের কার্যালয়ে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠককালে বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। এতে করে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনগুলোতে দুই দেশের শীর্ষ নেতারা বিস্তারিত আলোচনার জন্য বাড়তি সময় পাবেন। তিনি আরও জানান, কৃষি পণ্য ক্রয় ও আর্থিক সেবা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা শিগগিরই আসতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তাইওয়ান সংকট এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব থাকলেও, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, 'চীন ও আমেরিকার প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত। দুটি দেশের পারস্পরিক উন্নয়ন বিশ্বশান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।'