Sylhet Today 24 PRINT

দিল্লিতে বিক্ষোভ, মমতা-কেজরিওয়াল-ধ্রুবসহ আটক ৫ হাজার

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লিতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে প্রায় ৫ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১০ অক্টোবর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ককরোচ জন্তা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন, এআইএসএর সভাপতি নেহা বোরা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব এবং জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাও বিমানে দিল্লিতে পৌঁছানোর পর আটক হন। এ ছাড়া বিভিন্ন স্থানে কয়েকজন বিরোধী নেতা ও কর্মীকে সতর্কতামূলক হেফাজতে নেয় পুলিশ।

‘দ্য হিন্দু’র প্রতিবেদনে দিল্লি পুলিশের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, দুপুর ২টা পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছিল। তবে রয়টার্সের প্রতিবেদনে কয়েক শ মানুষকে আটকের কথা বলা হয়েছে। অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, কর্তৃপক্ষ কয়েক হাজার মানুষকে আটক করেছে।

নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি এ বিক্ষোভের আয়োজন করে। তবে নির্বাচনে পক্ষপাতমূলক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে আয়োজিত বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ নয়াদিল্লি জেলাকে ২০টি কার্যকরী অঞ্চলে ভাগ করে। এ ছাড়া আটক ব্যক্তিদের সাময়িকভাবে রাখার জন্য বিভিন্ন আটককেন্দ্র ও স্টেডিয়াম ব্যবহার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.