Sylhet Today 24 PRINT

ইসলামবিরোধী আখ্যা দিয়ে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এতে প্রতিবছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে চিকিৎসকেরা জানান, 'ইসলামি শিক্ষার পরিপন্থি'—এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের এ অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করে তালেবান সরকার একের পর এক নির্দেশ জারি করছে। কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সেই ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ।

আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে স্থানীয় চিকিৎসকদের কর্নিয়া প্রতিস্থাপনের প্রশিক্ষণ দেওয়ার কয়েক মাস পর এ নিষেধাজ্ঞা এল। একটি চিকিৎসাসেবামূলক দাতব্য সংস্থা এ প্রশিক্ষণে সহায়তা করেছিল।

চিকিৎসকেরা বলছেন, আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে। বিস্ফোরণ ও বিভিন্ন দুর্ঘটনায় চোখের ক্ষতি হওয়া রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে এ অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ।

কাবুলের নূর আই হাসপাতালের চিকিৎসক নূর জামান হাশিম বলেন, তালেবানের নির্দেশে কর্মসূচি বন্ধ হওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে তাদের হাসপাতালে ৯০টি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, হাসপাতালে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা বাড়ছে। তাদের বেশির ভাগই তরুণ। আঘাত, বিস্ফোরণ এবং ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তাঁরা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

নূর জামান হাশিম বলেন, 'দশকের পর দশক ধরে চলা সহিংসতায় আফগানিস্তানের স্বাস্থ্যসেবা অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ আমাদের নেই। স্থানীয়ভাবেও প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় কর্নিয়া পাওয়া যায় না।'

তিনি আরও বলেন, 'তালেবান মৌখিকভাবে আমাদের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে। কঠোর শাস্তির ঝুঁকি থাকায় কেউ তাদের নির্দেশ অমান্য করার সাহস পাচ্ছেন না।'

ক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা (অ্যাপনা) ২০১৭ সাল থেকে পাকিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য বিনা মূল্যে কর্নিয়া সরবরাহ করে আসছে। অঙ্গদানের মাধ্যমে এসব কর্নিয়া সংগ্রহ করা হয়।

চলতি বছরের শুরুর দিকে সংস্থাটি আফগানিস্তানেও এ কার্যক্রম সম্প্রসারণ করে। এর আওতায় দেশটিতে ১৫০টিরও বেশি অস্ত্রোপচার করা হয়।

কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচার পরিচালনার জন্য আফগানিস্তানের তিনজন চক্ষু বিশেষজ্ঞকে পাকিস্তানের পেশোয়ারে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

অ্যাপনার কর্নিয়া কর্মসূচির প্রধান এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জাফফার মির ফাউন্ডেশনের প্রধান ডা. ফাওয়াদ জাফফার বলেন, '২০১৭ সাল থেকে আমরা পাকিস্তানে বিনা মূল্যে কর্নিয়া পাঠিয়ে আসছি। এতে উপকৃত হয়েছেন ১০ হাজার মানুষ।

তিনি বলেন, 'প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানেও এ কর্মসূচি সম্প্রসারণ করি। দেশটিতে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন ছিল। তবে তালেবানের নির্দেশনার কারণে এ কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.