সিলেটটুডে ডেস্ক | ১৩ নভেম্বর, ২০২৬
আগে আতশবাজি কোনো রাসায়নিক পদার্থ ছাড়াই তৈরি করা হতো, যা পোকামাকড় ও কীটপতঙ্গ মারতে এবং পরিবেশ বিশুদ্ধ করতে সাহায্য করত।- মঙ্গলবার এমন মন্তব্য করেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। উৎসবের সময় প্রদীপ জ্বালানোসহ বিভিন্ন প্রথার পেছনের 'বৈজ্ঞানিক যুক্তি' ব্যাখ্যা করার সময় তিনি এসব কথা বলেন।
দিওয়ালির পর মুম্বাই ও দিল্লিসহ বেশ কয়েকটি শহর যখন আতশবাজির বিরূপ প্রভাবে (বায়ুদূষণ) বিপর্যস্ত, ঠিক তখনই মোহন ভাগবতের এ মন্তব্য সামনে এলো।
নাগপুরে একটি 'দিওয়ালি মিলন' অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোহন ভাগবত বলেন, উৎসবের সাথে যুক্ত বেশ কিছু ঐতিহ্যবাহী প্রথার পেছনে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। তিনি জানান, অতীতে একই উদ্দেশ্য সাধনের জন্য অন্য কোনো বিকল্প উপায় না থাকায় আতশবাজি ব্যবহার করা হতো।
তিনি বলেন, 'আগের দিনের আতশবাজি আজকের মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করে তৈরি করা হতো না। সেগুলোর ধোঁয়া পোকামাকড় ও কীটপতঙ্গ মারতে সাহায্য করত, বিশেষ করে ফসল কাটার মৌসুমে, এবং এক অর্থে পরিবেশকে বিশুদ্ধ করত।'
দিওয়ালিতে ঘি ও তেলের প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে মোহন ভাগবত বলেন, 'যখন ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো, তখন তা পরিবেশের বাতাসে এক বিশেষ ধরনের অনুভূতির সৃষ্টি করত। এই প্রথার পেছনেও বিজ্ঞান রয়েছে।'
এ ধরনের ঐতিহ্যবাহী প্রথার তাৎপর্য বুঝতে এবং সঠিক ভাবগাম্ভীর্যের সাথে উৎসব উদযাপন করতে মানুষের প্রতি আহ্বান জানিয়ে ভাগবত বলেন, 'এটি মানবজাতি ও পরিবেশ উভয়ের জন্যই উপকারী। তিনি আরও বলেন, উৎসব ও উদযাপিত আনন্দ সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যতই বিরোধিতা হোক না কেন, তা অব্যাহত থাকবে।'
তিনি বলেন, 'উৎসব সমাজকে বাঁচিয়ে রাখে। যে কেউ এগুলোকে থামানোর যত চেষ্টাই করুক না কেন, এগুলো থামবে না। কারণ সমাজকে সজীব ও প্রাণবন্ত রাখতে এগুলো অপরিহার্য। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন সঠিক ভাবনায় এগুলো পালন করি এবং তা থেকে কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত করি।'