Sylhet Today 24 PRINT

মৃত্যুদণ্ড স্থগিতে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ।

‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবটি শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটি শেষে কমিটি প্রস্তাবটি গ্রহণ করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই জাতিসংঘে এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে বর্তমানে অবস্থানে পরিবর্তন আনা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মানবাধিকার রক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকছে। তবে দেশের প্রচলিত আইনে এখনো মৃত্যুদণ্ডের বিধান থাকায় বাংলাদেশ সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি।

এদিকে, প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ৩৩টি দেশের তালিকায় রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতার।

যুক্তরাষ্ট্র ও বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলোর যুক্তি হলো, এ ধরনের প্রস্তাব জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজস্ব আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের অধিকার প্রতিটি দেশের রয়েছে এবং মৃত্যুদণ্ডের বিধান থাকবে কি না, সেই সিদ্ধান্ত একান্তই দেশের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।

গৃহীত প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে নিজস্ব আইন ও শাস্তির বিধান নির্ধারণে প্রতিটি দেশের সার্বভৌম অধিকারও স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য হলো পর্যায়ক্রমে এই সর্বোচ্চ শাস্তি পুরোপুরি বিলুপ্ত করা। এ ছাড়া যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এই শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে বিশ্বজুড়ে সামগ্রিক অগ্রগতির কথা উল্লেখ করা হলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এমনকি অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করা না গেলেও মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.