Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী হতে দেরি নেই: ইমরান

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৬


পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং রাজনীতিক ইমরান খান বলেছেন, তার দল তেহরিক-ই-ইনসাফ দেশের ক্ষমতা নেয়ার জন্য প্রস্তুত।

তার রাজনৈতিক ভবিষ্যৎ কী- বিবিসির এমন প্রশ্নে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, 'এই প্রথম দল ক্ষমতা গ্রহণের জন্য পরিপক্ক এবং প্রস্তুত। কারণ, আমার দল যে ধরনের সংগ্রামের ভেতর দিয়ে গেছে, পাকিস্তানে তার নজির নেই।'

ইমরান বলেন, তার ধারণা 'অপেক্ষার পালা শেষ হচ্ছে'।

 
তথাকথিত পানামা পেপারসে'র প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পদত্যাগ দাবি করেন তিনি।

ইমরান বলেন, পানামা পেপারসে স্পষ্ট হয়ে গেছে শরিফের পরিবার বিদেশে টাকা পাচার করে কোম্পানি খুলেছে।

তিনি বলেন, তিনি তার সম্পদের হিসাব দিয়েছেন। প্রধানমন্ত্রী কেন তার সম্পদের হিসাব দিচ্ছেন না? যদি না দেন, তাহলে সুপ্রিম কোর্টের উচিত তার সম্পদের তদন্ত করা।

পাকিস্তানের বেশ কয়েকটি পত্রিকায় খবর বেরিয়েছে, পানামা-ভিত্তিক একটি আইনজীবী সংস্থা থেকে ফাঁস হওয়া নথিপত্রে বিদেশে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রী শরিফের দুই ছেলে এবং একমাত্র মেয়ের সংশ্লিষ্টতা রয়েছে। শরিফের পরিবারের পক্ষ থেকে অবশ্য তা অস্বীকার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। কিন্তু ইমরান খান বলেন, শরিফের সঙ্গে দেখা করার বা তাকে ফুলের তোড়া পাঠানোর কোনো পরিকল্পনা তার নেই।

ইমরান খানও তার দলের জন্য তহবিল জোগাড়ের জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। সে সময়েই তিনি বিবিসিকে এই সাক্ষাৎকার দেন।

রাজনীতির বাইরে পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ক্রিকেট নিয়েও কথা বলেন।

ভারতে চলতি আইপিএল টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইমরান খান।

তিনি বলেন, 'কোনো সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের নাম যদি জড়িয়েও থাকে, ক্রিকেটাররা তার খেসারত দেবে কেন?'

সূত্র: বিবিসি বাংলা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.