Sylhet Today 24 PRINT

বিশ্ব ধরিত্রী দিবস আজ

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৬

আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়েছে আসছে। এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’।

জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যেই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিনেটর গেলর্ড নেলসনকে ধরিত্রী দিবসের প্রবক্তা বলা যায়। ১৯৭০ সালে তার নেতৃত্বেই বিশ্বের জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়াস শুরু হয়। তার অক্লান্ত চেষ্টায়ই যুক্তরাষ্ট্রে পরিবেশ রক্ষা সংস্থা গড়ে ওঠে। এছাড়া দূষণমুক্ত বায়ু, পানি ও হুমকির মুখে থাকা জীব প্রজাতি সম্পর্কে আইন করা হয়। অবশ্য পরে বিশ্বজুড়েই জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয় এবং পরিবেশ আন্দোলন ছড়িয়ে পড়ে।

ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন। ওই বছর প্রথম আন্তর্জাতিক ভাবে পালিত হয় এবং ১৪১টি জাতি বা দেশ তাতে অংশগ্রহণ করে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।

এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশের পরিবেশ আন্দোলন সংস্থা পবা ‘মৌসুমী ফল উৎপাদনে বিষ, বিপন্ন মানুষ- বিপন্ন প্রকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এ ছাড়াও দিবসটি পালনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

পরিবেশবাদীদের দাবি, আবাসভূমিকে বাঁচাতে আবারো জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্বের অন্যান্য দেশ এ ব্যাপারে যতটা স্বোচ্চার আমরা ঝুঁকির শীর্ষে থেকেও ততটা নই। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে বাঁচাতে এক দিকে যেমন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন দরকার, তেমনি দরকার নিজের দেশের প্রত্যেক নাগরিককে এ ব্যাপারে সচেতন করে তোলা। এবারের ধরিত্রী দিবসে সেটাই হোক আমাদের অঙ্গীকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.