Sylhet Today 24 PRINT

আমরা কি একজন হিন্দু বা খ্রিস্টানকে প্রধানমন্ত্রী করতে পারব- এই প্রশ্ন তোলায় ব্লগার খুন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৬

পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী এবং অনলাইন অ্যাক্টিভিস্ট খুররাম জাকি।

শনিবার রাতে করাচিতে একটি রেস্টুরেন্টে খুররাম জাকি দুই বন্ধুর সঙ্গে বসে থাকা অবস্থায় দু’টি মোটরসাইকেলে করে চার বন্দুকধারী তিনজনকে লক্ষ্য করেই গুলি ছোঁড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর মারা যান জাকি। অন্য দুই বন্ধু এখনো চিকিৎসাধীন আছেন।

খুররাম জাকি ‘লেট আস বিল্ড পাকিস্তান’ (এলইউবিপি) নামের একটি রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি ফেসবুকে মেয়র সাদিক খানের প্রশংসা ও তার বিজয়ে পাকিস্তানীদের উচ্ছসিত প্রতিক্রিয়ার তীব্র নিন্দা করে সর্বশেষ পোস্ট দেন।

পোস্টে জাকি লেখেন, সাদিক খান পাকিস্তানি নন। তিনি একজন ব্রিটিশ। তার উন্নতি ও সাফল্যের কৃতিত্ব তার নিজের কঠোর পরিশ্রম এবং সবাইকে সমান সুযোগ দেয়া ব্রিটিশ ব্যবস্থার ওপর যায়। এখানে পাকিস্তান বা ইসলামের কোনো কৃতিত্ব নেই।

ইসলামের নামে জঙ্গিবাদের এই সময়ে সাদিক খানকে মেয়র নির্বাচিত করে লন্ডন বিশ্বের সামনে উত্তম মানব সভ্যতার উদাহরণ হিসেবে নিজেকে তুলে ধরেছে বলে ওই পোস্টে উল্লেখ করে জাকি পশ্চিমা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রশংসা করেন। তিনি লেখেন ‘আমারা কি একজন আহমাদি বা হিন্দু বা খ্রিস্টানকে প্রধানমন্ত্রী করতে পারব? সেটা ভুলে যান, আমরা বরং বিশ্বের তৃতীয় বৃহত্তম শহরের (করাচি) গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত মেয়রের হাত থেকে সব ক্ষমতা ও সুবিধা নিয়ে নিয়েছি তার জাতিগত পরিচয়ের কারণে।’

‘আমরা আমাদের মালালা আর শারমিনের মতো সাফল্যগুলোকে অপমান করি। এটা আমাদের জন্য লজ্জাজনক,’ বলেন জাকি।



খুররাম জাকির এলইউবিপি ওয়েবসাইট ও ফেসবুক পেজের উদ্দেশ্য হিসেবে লেখা আছে, সাইটটি ‘উদার ধর্মীয় মতামত প্রচার করে এবং যে কোনো ধরণের উগ্রপন্থার বিরোধী’। শুধু উদারপন্থি নয়, তার ওয়েবসাইটে পাকিস্তানের উদারপন্থি বুদ্ধিজীবীদেরও কঠোর সমালোচনা করা হয়েছে। সম্প্রতি পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ তার এই ব্লগটি পাকিস্তানে ব্লক করে দিয়েছে।

খুররাম জাকি বহুদিন ধরেই পাকিস্তানে উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন। তিনি এবং তার বন্ধু জিবরান নাসির সম্প্রতি লাল মসজিদের মাওলানা আবদুল আজিজের বিরুদ্ধে একটি মামলা দায়েরের চেষ্টা করেন। তাদের অভিযোগ, মাওলানা আজিজ শিয়াদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। এবং অভিযোগের সপক্ষে তারা একটি ভিডিওচিত্রও দাখিল করেন।

কিন্তু স্থানীয় পুলিশ ওই মামলা নিতে রাজি না হলে জাকি নিম্ন আদালতের শরণাপন্ন হন। জাকি ও তার সঙ্গীদের এই মামলা করার এখতিয়ার নেই- এই বলে তার আবেদন খারিজ করে দেন আদালত। জাকি এবং তার সঙ্গীরা এরপর হাইকোর্টে আবেদন করলেও গত ২৯ মার্চ ইসলামাবাদ হাইকোর্ট একই যুক্তি দেখিয়ে তাদের আবেদন খারিজ করে দেন।

অন্যদিকে মাওলানা আবদুল আজিজ জাকি ও তার সহকর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন যে, তারা মাওলানা এবং লাল মসজিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

খুররাম জাকি ২০১৫ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের স্কুলে হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে লাল মসজিদের সামনে সরকারি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন। ওই সময় জাকিকে তার স্ত্রী ও ১৬ বছর বয়সী মেয়েসহ আটক করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.