Sylhet Today 24 PRINT

রূপা গাঙ্গুলীকে পিটিয়ে মাথা ফাটাল তৃণমূল কর্মীরা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ মে, ২০১৬

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী প্রখ্যাত অভিনেত্রী  রূপা গাঙ্গুলীকে হামলা করে আহত করার অভিযোগ উঠেছে দ্বিতীয় মেয়াদে  জয় পাওয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের  কর্মীদের বিরুদ্ধে।

হামলায় রূপার মাথা ফেটে গেছে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কলকাতার সংবাদ মাধ্যম এই সময় জানিয়েছে। এই ঘটনায় রূপার গাড়িও ভাংচুর করেছে তৃণমূল কর্মীরা।

রোববার (২২  মে) কলকাতার ডায়মন্ড হারবার শহরতলীর মাঝিপাড়া গ্রামে রূপার ওপর এ হামলা চালানো হয়।

৪৯ বছর বয়সী রূপা সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হাওড়া (উত্তর) আসনে লড়াই করে  তৃণমূলের লক্ষ্মী রতন শুক্লার কাছে হেরে যান।

স্থানীয় সংবাদ মধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (২১ মে) ডায়মন্ড হারবার শহরতলীর ঈশ্বরপুর গ্রামে বিবস্ত্র করে বিজেপির এক নারীকর্মী ও তার বাবাকে মারধর করা হয়। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুরে তাদের ওই হাসপাতালে দেখতে যান রূপা। ফেরার পথে পার্শ্ববর্তী মাঝিপাড়া গ্রামে কয়েকজন দুর্বৃত্ত চড়াও হয় তার ওপর। লাঠির আঘাতে মাথা ফেটে যায় রূপার। ভাঙচুর করা হয় তার গাড়ি। পিটিয়ে আহত করা হয় রূপার সঙ্গী বিজেপি কর্মী-সমর্থকদেরও।

এ হামলার নিন্দা জা‍নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, এমন জনসমর্থন নিয়ে জেতার পরও এ ধরনের ‘গুন্ডামি’ প্রমাণ করছে, কী ধরনের লোক দলটা করে। তাদের নেত্রীকে বলব, বড় বড় কথা না বলে, এই সমাজবিরোধীদের আগে ঠিক পথে আনুন। এটা সম্পূর্ণ গণতন্ত্রবিরোধী।

যদিও ক্ষমতাসীন তৃণমূলের তরফ থেকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, বিজেপির অন্তঃকলহের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.