Sylhet Today 24 PRINT

৫০০ মদের দোকান বন্ধ করলেন জয়ললিতা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ মে, ২০১৬

শপথ নিয়েই ৫০০ মদের দোকান বন্ধ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। ভারতের তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা।

মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে শপথ নেন তিনি। তার শপথকে কেন্দ্র করে চেন্নাইয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সিনেমায় ‘জয়া’ আর তামিলদের কাছে ‘আম্মা’ নামে সমাদৃত জয়ললিতা ষষ্ঠ বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। টানা দু’বার এ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯১ সালে। শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের অধীনে পরিচালিত ৫০০ মদের দোকান বন্ধ ঘোষণা করেন জয়া। এ ছাড়া রাজ্যের অন্যসব মদের দোকান খোলা থাকার সময় কমিয়ে দিয়েছেন তিনি।

জয়ার নির্দেশ, তামিলনাড়ুতে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। এর আগে এ সময় ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এ রাজ্যে ৬ হাজার ৭২০টি মদের দোকান আছে। ৫০০টি বন্ধ করে দেয়ায় এ সংখ্যা এসে দাঁড়াচ্ছে ৬ হাজার ২২০টিতে।

জয়ললিতা বলেছেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি একে একে পূরণ করা হবে। তার প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- খামার ঋণ বাড়ানো, সব বাড়িতে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ এবং সব তালিম নারীদের জন্য সোনার মঙ্গলসূত্র বিনামূল্যে দেয়া।

৬৮ বছর বয়সী জয়া সোমবার তার নতুন মন্ত্রিসভার ২৮ সদস্যসহ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সেন্টেনারি অডিটরিয়ামে শপথ নেন। এর আগে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গাড়িবহর নিয়ে পৌঁছলে হাজারও নেতা-কর্মী-সমর্থক লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে তাকে অভিনন্দন জানান।

জয়ার শপথে আসেননি তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ৯৩ বছর বয়সী ডিএমকে নেতা এম করুণানিধি। তবে ঐতিহ্য ভেঙে তার ছেলে এমকে স্ট্যালিন শপথ অনুষ্ঠানে যোগ দেন। পরে আবার এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.