Sylhet Today 24 PRINT

বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক |  ২৬ মে, ২০১৬

কয়েকদফা কমার পর জ্বালাতি তেলের দামে উর্ধমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশ্ববাজারে বৃহস্পতিবার চলতি বছরে প্রথমবারের মতো ৫০ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে অপরিশোধিত জ্বালানি তেল।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এদিন ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫০ ডলার ২২ সেন্টে, যা গত বছরের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ দাম।

যোগান কমিয়ে আনা এবং বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধিকেই জ্বালানি তেলের এই দামবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

চলতি বছরের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ২৮ ডলারে নেমে যায়, যা ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন দাম। সেই অবস্থা থেকে এখন পর্যন্ত এর দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ২০ মে পর্যন্ত চলতি সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের মজুদ ৪২ লাখ ব্যারেল কমে ৫৩ কোটি ৭১ লাখ ব্যারেলে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি জ্বালানি তেল যোদানদাতা দেশ কানাডাও তাদের দৈনিক সরবরাহ ১০ লাখ ব্যারেল কমিয়ে দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের উৎপাদন সাময়িক বন্ধ রাখতে গত কয়েক মাস ধরে ওপেক ও রাশিয়ার মধ্যে আলোচনা দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এছাড়া চীন, ভারত ও রাশিয়ার মতো বিশ্বের শীর্ষ ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোতে চাহিদা প্রত্যাশার তুলনায় বাড়তে থাকায় তা জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও মনে করছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.