Sylhet Today 24 PRINT

লিবিয়ায় নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৭ মে, ২০১৬

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবারের (২৫ মে) এ নৌকা ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইইউ নৌবাহিনীর ওই কর্মকর্তা জানান, তারা ধারণা করছেন মৃতের সংখ্যা ২০ থেকে ৩০ জনে পৌঁছাতে পারে। এছাড়া উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৬৩৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ইইউ নৌবাহিনী উদ্ধার করে ৭৭ জনকে এবং ইতালিয়ান নৌবাহিনী উদ্ধার করে ৫৬২ জনকে।

এদিকে নৌকাডুবির চিত্র বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সাগরে ডুবে যাওয়ার আগে কাঠের নীলরঙা নৌকাটি ভীষণভাবে দুলছিল। এরপর নৌকাটি উল্টে ডুবে যাওয়ার পর কিছু লোক তার ভেসে থাকা অংশে ঝুলে থাকে, কিছু ছোট লাইফ বোটে উঠে যায়, আবার কিছু লোক নৌবাহিনীর জাহাজে উঠতে সাঁতার কাটতে থাকে।

সংবাদমাধ্যম জানায়, প্রাণহানি হওয়া অথবা উদ্ধার অভিবাসীদের জাতীয়তা বা পরিচয় জানা যায়নি। তবে, তাদের আপাতত ইতালি উপকূলে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.