আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে, ২০১৬
বিপুল ভোটে জয়লাভের পর ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
মমতা সরকারের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নেপালের প্রধানমন্ত্রীর প্রতিনিধি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের নীতিশ কুমার, উত্তর প্রদেশের অখিলেশ যাদব শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী মমতা ও তাঁর সরকারের ৪২ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
বৃহস্পতিবারই রাজভবনে গিয়ে মন্ত্রীদের নামের তালিকা গভর্নর কেশরীনাথ ত্রিপাঠির হাতে তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনোদের পাশাপাশি ১৮ নতুন মুখও রয়েছে এবারের মন্ত্রী তালিকায়।
নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং মমতার দীর্ঘদিনের সঙ্গী শোভন দেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, জেমস কুজুর, ভাঙড়ের রাজ্জাক মোল্লা, হাওড়ার বিধায়ক ও পশ্চিমবঙ্গের সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাও ঠাঁই পেয়েছেন এবারের মন্ত্রীসভায়।
এ ছাড়া মন্ত্রী হয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুগলির তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র, রবীন্দ্রনাথ ঘোষ, গোলাম রব্বানী, জাকির হোসেন, সন্ধ্যারানী টুডু, অবনী জোয়ার্দার, বিনয় বর্মণ, বাচ্চু হাঁসদা, আশিস বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল বিশ্বাস, শান্তিরাম মাহাতো ও চূড়ামনি মাহাতো।
পুরনো মন্ত্রীদের মধ্যে আছেন সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মলি্লক, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, গিয়াস উদ্দীন মোল্লা, গৌতম দেব, অরূপ বিশ্বাস, অরূপ রায়, সাধন পাণ্ডে, স্বপন দেবনাথ, জাভেদ খান, চন্দ্রনাথ সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, ফরহাদ হাকিম, ব্রাত্য বসু, শশী পাঁজা, পূর্ণেন্দু বসু, মন্টুরাম পাখিরা ও সৌমেন মহাপাত্র।