ইন্টারন্যাশনাল ডেস্ক | ১৪ মার্চ, ২০১৫
অঙ্কে অনেকেই কাঁচা। এ জন্য মাঝেমধ্যে শিক্ষকদের কানমলাও খেতে হয়েছে অনেককে। চাকরির পরীক্ষায় অঙ্ক না জানার কারণে প্রচুর নীল ডাউন'ও খেতে হয়তো হয়েছে। শুনতে হয়েছে ‘অঙ্কে কাঁচা’র অপবাদও। কিন্তু অঙ্ক না পারায় বিয়ে ভেঙেছে, এমন কথা হয়তো কেউ শোনেননি। ভারতের উত্তর প্রদেশে এমন একটি ঘটনাই ঘটেছে।
আজ শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের রসুলাবাদ গ্রামে একটি বিয়ের আসরে হবু বর সহজ অঙ্কের উত্তর দিতে না পারায় হবু পাত্রী বিয়ে ভেঙে দিয়েছেন। পুলিশ জানায়, রসুলপুর গ্রামের মোহর সিংয়ের মেয়ে লাভলীর সঙ্গে কানপুরের দেহাত জেলার বাসিন্দা রাম বরণের বিয়ে ঠিক হয়। কিন্তু পাত্রী লাভলী জানতে পারেন যে রাম বরণ ‘নিরক্ষর’। বিয়ের আসরে রাম বরণের কাছে ১৫+৬-এ কত হয়, তা পাত্রীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়। রাম বরণ ঠিক উত্তর ২১ দিতে পারেননি। তিনি বলেন, ১৭। আর এতেই কপাল পোড়ে তাঁর। সঠিক উত্তর না জানায় ক্ষিপ্ত হয়ে ওই আসরে বিয়েটাই ভেঙে দেন কনে লাভলী।
পরিবার ও গ্রামের লোকজন শত বোঝালেও লাভলী আর রাম বরণকে বিয়ে করতে রাজি হননি।
কনের বাবা মোহর সিং বলেন, ‘বরের বাড়ির লোকেরা বরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের মিথ্যা বলেছিল। প্রথম শ্রেণির একটি বাচ্চাও এ প্রশ্নের উত্তর জানে।’
এর আগে গত মাসে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে মৃগী রোগী বর অসুস্থ হয়ে পড়ায় বিয়ের আসরেই পাত্রপক্ষের এক অতিথিকে বিয়ে করেন কনে।