Sylhet Today 24 PRINT

মধ্যাহ্নভোজের মূল্য ২৭ কোটি টাকা!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ জুন, ২০১৬

মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের সঙ্গে একবার মধ্যাহ্নভোজ করতে চান? এ জন্য আপনাকে গুনতে হবে ২৭ কোটি টাকার বেশি!

এক ব্যক্তি সাড়ে ৩৪ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি টাকা) খরচ করতে রাজি হয়েছেন। দাতব্য সংস্থা 'গ্নাইড'কে সাহায্য করার লক্ষ্যে বাফেটের সঙ্গে ব্যক্তিগতভাবে একবার ভোজের সুযোগ দিয়ে ই-বে এই নিলাম ডাকা হয়। রোববার থেকে শুক্রবার রাত পর্যন্ত ছিল নিলামের সময়। জয়ী ব্যক্তি ৩৪ লাখ ৫৬ হাজার ৭৮৯ ডলার দেবেন।

ওই ব্যক্তি নিজের নাম প্রকাশে রাজি হননি। এর আগে ২০১২ সালে এক ব্যক্তি একই পরিমাণ অর্থ দিয়ে এই নিলামে জয়ী হয়েছিলেন। ই-বে নিলামে এটাই সর্বোচ্চ রেকর্ড। বার্কশায়ার হ্যাথওয়ে কংলোমারেটের স্বত্বাধিকারী বাফেটের সঙ্গে লাঞ্চ করতে এ পর্যন্ত নিলামে জয়ী ৮ জনের মধ্যে অন্তত ৬ জনই ২০ লাখ ডলারের বেশি পরিশোধ করেছেন। শুক্রবার সকালের শেষে নিলাম ৩০ লাখ ডলার ছাড়িয়ে যায়। এই মূল্য গত বছরের চেয়ে বেশি। গত বছর নিলামে জয়ী হয়েছিলো বেইজিংভিত্তিক ডালিয়ান জিউস এন্টারটেইনমেন্ট কোম্পানি।

সানফ্রান্সিকোর নিরাশ্রয় দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে দাতব্য সংস্থা গ্নাইড। দরিদ্রের জন্য খাদ্য, প্রশিক্ষণ, কর্মসংস্থান, পুনর্বাসন ও আশ্রয়ের ব্যবস্থা করে থাকে। বাফেটের প্রথম স্ত্রী সুসে বাফেটের মৃত্যুর পর থেকেই তিনি তহবিল সংগ্রহের লক্ষ্যে তার সঙ্গে একবেলা ভোজের বিষয়টিকে নিলামে তোলার রেওয়াজ চালু করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.