Sylhet Today 24 PRINT

ফ্লোরিডা হামলা জরিপে ট্রাম্পকে এগিয়ে দিচ্ছে

অনলাইন ডেস্ক |  ১৫ জুন, ২০১৬

অরল্যান্ডোর নৈশক্লাবে হামলার ঘটনার আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু হামলার পর রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান গত সপ্তাহ থেকে কমতে দেখা গেছে।

রোববার ভোররাতে ফ্লোরিডার পালস নৈশক্লাবের ওমর মতিন নামের আফগান বংশোদ্ভুত এক মুসলিম তরুণের নির্বিচার গুলিবর্ষণে ৪৯ জন নিহত হন, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে নির্বিচার গুলিবষণে সবচেয়ে বেশি প্রাণ হারানোর ঘ্টনা।

এই ঘটনা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার বিতর্কে অন্যতম মূল ইস্যুতে পরিণত হয়েছে বলে গণমাধ্যমের খবর।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের পরিচালিত জরিপে ওই ঘটনার পর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যবধান কিছুটা কমেছে বলে দেখা গেছে। 

গত সপ্তাহজুড়ে রয়টার্স/ইপসোসের করা জরিপের অধিকাংশ সময় হিলারি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্প থেকে জনসমর্থনে ১৩ শতাংশ বেশি পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্তু এবারের জরিপের ফলাফলে হিলারির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন ট্রাম্প।

শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলা এই জরিপে হিলারি লিড কিছুটা কমে ১১ দশমিক ছয় শতাংশে নেমে আসতে দেখা গেছে। এর আগে টানা পাঁচদিন ধরে হিলারি ট্রাম্পের চেয়ে ১৩ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন, শনিবারের পর হিলারির এ আধিপত্য কিছুটা হ্রাস পায়।

এক হাজার ৬৩ জন সম্ভাব্য ভোটারের সঙ্গে অনলাইন যোগাযোগের মাধ্যমে করা জরিপটিতে ৪৪ দশমিক ছয় শতাংশ হিলারিকে এবং ৩৩ শতাংশ ট্রাম্পকে ভোট দিবেন বলে জানিয়েছেন।

তবে হিলারি জনপ্রিয়তায় সামান্য হ্রাসের ফল পুরোপুরি ট্রাম্পের বাক্সে গেছে এমন নয়। রয়টার্স জানিয়েছে, শনিবার পযন্ত ২০ দশমিক ছয় শতাংশ মানুষ কোনো প্রার্থীকেই সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু শনিবারের পর এদের সংখ্যাটি বৃদ্ধি পেয়ে ২২ দশমিক চার শতাংশে এসে দাঁড়িয়েছে।    

আগামী ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলার জন্য ডেমোক্রেটদের নীতিকে দায়ী করেন এবং ফের মুসলিম অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

অপরদিকে অরল্যান্ডো হামলার জন্য আমেরিকান-মুসলিমদের দোষারোপ করার বিরুদ্ধে সতর্ক করেন হিলারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.