Sylhet Today 24 PRINT

তুরস্কে সমকামীদের শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

তুরস্কের ইস্তাম্বুলে এ মাসের শেষের দিকে পূর্বঘোষিত একটি সমকামী শোভাযাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। এ পদক্ষেপ গ্রহণের কারণ হিসেবে নিরাপত্তা এবং শৃঙ্খলা ভঙের আশঙ্কার কথা বলা হয়েছে। তুরস্কের মাটিতে অধঃপতিত সমকামীদের সমাবেশ প্রতিহত করা হবে- রক্ষণশীলদের এমন হুমকির পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আগামী ২৬ জুন ইস্তাম্বুলে সমকামীদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার একটি আদেশ জারির মাধ্যমে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এটি নিষিদ্ধ করে। এই আদেশের ফলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ শোভাযাত্রায় অংশ নিতে চাইলে নিরাপত্তা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি সমকামী নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহত হওয়ার পর এমন পদক্ষেপ নিল ইস্তাম্বুল কর্তৃপক্ষ।

মুসলিম প্রধান তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে ২০১৪ সাল পর্যন্ত টানা ১৩ বছর কোনো অঘটন ছাড়াই শোভাযাত্রা করেছে সমকামীরা। তবে গত বছর তাদের শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়।

সমকামী শোভাযাত্রার আয়োজকরা গভর্নরের কার্যালয়ের নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সমতা, স্বাধীনতা ও আইনি মর্যাদার দাবিতে তারা এ শোভাযাত্রার আয়োজন করেন। তুরস্কে দীর্ঘদিন থেকে যে কথিত ধর্মনিরপেক্ষ সংবিধান চালু আছে, তাতে সমকামিতাকে বৈধতা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.