সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৩ জুন, ২০১৬
ভোজন রসিক হিসেবে বাঙালির সুখ্যাতি কার না জানা? কিন্তু বাঙালির খাবার সংস্কৃতি নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন।
নাদিয়া ২০১৫ সালে 'গ্রেট ব্রিটিশ বেক অফ' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্রিটেনে রানীর ৯০তম জন্মদিনের কেক বানিয়ে আলোচনায় ছিলেন নাদিয়া।
ব্রিটেনের রানি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই এক নামে নাদিয়াকে চেনে। কিন্তু বাংলাদেশে এই নাম তেমন একটা পরিচিত নয়।
কয়েকদিন আগে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নাদিয়া বলেন, বাংলাদেশী খাবারের পরে কখনও ডেসার্টের (মিষ্টান্ন-ফলমূল খাওয়ার) সংস্কৃতি ছিল না।
নাদিয়া আরও মন্তব্য করেন, বাংলাদেশে চেয়ারে বসে খাওয়ার কোনো সংস্কৃতি ছিল না। তার বাবা সে ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন বলে তাদের বাসায় কখনো ডাইনিং টেবিল (খাবারের টেবিল) ছিল না।
নাদিয়া হুসেইনের এ মন্তব্যে অনেকের মাঝে ক্ষোভ তৈরি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকে এ বিষয়টিতে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
কেউ কেউ বলছেন বাংলাদেশী বংশোদ্ভূত হয়ে নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়েই এ ধরনের মন্তব্য করেছেন।
অনেকে বলছেন এ ধরনের মন্তব্যে বাংলাদেশী হিসেবে তারা 'অপমানিত' বোধ করছেন।
নাদিয়া হুসেইনের বাবা বাংলাদেশের সিলেট থেকে লন্ডনে গিয়ে স্থায়ী হয়েছেন।
ফেসবুকে শাহানা সিদ্দিকী লিখেছেন, মূল খাবারের পরে ডেসার্টের যে সংস্কৃতি সেটি সিলেটে বেশ ভালোভাবেই আছে। এক্ষেত্রে 'চালের ফিরনির' কথা উল্লেখ করেন শাহানা সিদ্দিকী।
ফেসবুকে ফারহানা রহমান মন্তব্য করেছেন, বাংলাদেশ নিয়ে বলার আগে বাংলাদেশের খাবারে সম্পর্কে নাদিয়ার কিছুটা গবেষণা করা উচিত ছিল।
নাদিয়া হুসেইনের এ মন্তব্য বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীদের মাঝে যে ক্ষোভের সৃষ্টি করেছে সে বিষয়টি নিয়ে ব্রিটেনের মেইল অনলাইনে প্রতিবেদন ছাপা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা।