Sylhet Today 24 PRINT

টিউলিপ, রুশনারা, রূপাও হেরেছেন ক্যামেরনের সঙ্গে

অনলাইন প্রতিবেদক |  ২৪ জুন, ২০১৬

ইউরোপিয়ান থাকা না থাকা প্রশ্নে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ব্রিটেনের অধিকাংশ জনগণ ইইউ ছাড়ার পক্ষে রায় দেওয়ায় এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কেবল হারেন নি, এর সঙ্গে হেরেছেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। একই সঙ্গে বিরোধী দল হলেও লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ৩ এমপিও ইইউ থেকে থাকার পক্ষে তাদের মতামত জানিয়েছিলেন।

গণভোটের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। টিউলিপ সিদ্দিক নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যক্তিগত ওয়েবসাইটে।

এদিকে, গণভোটের ফলাফল যুক্তরাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় দিয়েছে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়ে ৫২ শতাংশ, আর থাকার পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটির জনগণের দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়েছে।

এই প্রেক্ষাপটে নিকট ভবিষ্যতে ব্রিটিশ সমাজের বাঁক বদলে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মানুষদের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এই আইনপ্রণেতা।

ভোটের ফলের প্রতিক্রিয়ায় শুক্রবার নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান ইইউতে থাকার পক্ষের প্রচারণায় থাকা টিউলিপ।

টিউলিপ বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ফলকে আমি শ্রদ্ধা করি এবং একই সঙ্গে ক্যামডেন ও ব্রেন্টের যেসব প্রচারকর্মী ‘রিমেইন’র (ইইউতে থাকা) পক্ষে নিরন্তর লড়াই চালিয়েছেন, সবাইকে সাক্ষী রেখে তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

“এই ফলাফলে তাদের যে বেদনা তা আমি বুঝি। কিন্তু, এই তিক্ত প্রচারণা আমাদের সমাজে যে বিভক্তি সৃষ্টি করেছে আমাদেরকে অবশ্যই তার প্রশমনের দিকে নজর দিতে হবে।”

বিভক্তির দিকগুলোর চেয়ে ঐক্যের বিষয়গুলো মনে রাখার উপর জোর দিয়ে বাঙালি এই নারী বলেন, “গণভোটের পরিণতি ও অনাগত দিনে আমাদের সামষ্টিক ভবিষ্যত নিয়ে আমাদের এখন বৃহত্তর পরিসরে আলোচনা শুরু করতে হবে।

“কিন্তু এখনকার জন্য, আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে, আমাদের দেশে নিকট পরিবর্তনের ফলে সম্ভাব্য সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মানুষদের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে পারব।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের সঙ্গে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও রুপা হকও ইইউতে থাকার পক্ষে প্রচারণায় ছিলেন।

শেখ হাসিনাও যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মত দিয়েছিলেন। লন্ডন সফররত বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার জন্যে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.