Sylhet Today 24 PRINT

প্রেমের অপরাধে প্রেমিক-প্রেমিকাকে বিবস্ত্র করে মিছিল!

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

২০১২ সালের পর আবারো বর্বর ঘটনার সাক্ষী হলো ভারতের উদয়পুর জেলা। ফের প্রেম করার অপরাধে যুগলকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হল। শুধু তাই নয়, দুদিন নগ্ন করে একসঙ্গে আটকেও রাখা হয়। আর  পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবশেষে মুক্তি দেয়া হয় প্রেমিক যুগলকে।

রাজস্থানের উদয়পুরের কানোরের কাসোটিয়া গ্রামে এমন নির্লজ্জ ঘটনা ঘটেছে। আর এ নিয়ে সমগ্র ভারতে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে জানা গেছে, গত ১৭ জুন প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় স্থানীয় এক যুবক। এরপর থেকে খোঁজা হচ্ছিল। গা ঢাকা দিয়েও শেষরক্ষা হয়নি। ২০ জুন ধরা পড়ে যান তারা, ধরে নিয়ে আসা হয় গ্রামে। নগ্ন করে দু’দিন ধরে আটকে রাখা হয় যুগলকে। খবর পেয়ে ওই গ্রামে হাজির হয় যুবকের পরিবার। তাদের কাছে ২ লাখ টাকা দাবি করে গ্রামবাসী। শেষমেশ ৮০ হাজার টাকার বিনিময়ে ছাড়া হয় ওই যুবককে। ততক্ষণে নগ্ন অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়ে গেছে ওই যুগলকে।

ওই তরুণীর ভাই থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১২ সালেও সারা শরীরে কালি মাখিয়ে প্রেমিক যুগলকে রাস্তায় ঘোরানো হয়েছিল এই উদয়পুরেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.