Sylhet Today 24 PRINT

এবার নিজেদের মাকে হত্যা করলো দুই আইএস সদস্য

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

নৃশংসতার নতুন নজির স্থাপন করলো এবার জঙ্গি গোষ্ঠি আইএস। মুসলিমসহ অন্য ধর্মের মানুষের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে এ বার নিজেদের পরিবারের উপরই হামলা চালাল দুই আইএস জঙ্গি।

সৌদি আরবের রিয়াদে দুই যমজ ভাই খালিদ ও সালেহ শুক্রবার সকালে তাদের বাবা-মা এবং ভাইয়ের উপর হামলা চালায়। প্রথমে ভাইকে ধাওয়া করে ছাদে নিয়ে যায় তারা। সেখানে ধারাল অস্ত্র দিয়ে তাকে একাধিক বার কোপ দেয়।

এর পর নিজের মাকে স্টোররুমে ঢুকিয়ে কুপিয়ে হত্যা করে তারা। বাধা দিতে গেলে বাবাকেও কুপিয়ে আহত করে তারা। হামলার পর ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশ খালেদ ও সালেহকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বহু দিন ধরেই দুই ভাই আইএসের মতাদর্শে বিশ্বাসী। তবে হঠাৎ কেন নিজেদের পরিবারের উপরেই হামলা চালাল তারা, তা খতিয়ে দেখছে পুলিশ।

বছরখানেক আগেও রিয়াদে এরকমই একটি হত্যার ঘটনা ঘটেছিল। সে বারও দুই ভাই প্রথমে তাদের অন্য এক ভাইকে হত্যা করে। নিহত ব্যক্তি পেশায় সেনাকর্মী ছিলেন। বাধা দিতে গেলে আরও তিন জনকে খুন করে তারা। তবে সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ জঙ্গি যোগ পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.