Sylhet Today 24 PRINT

যত ঘুম তত বোনাস!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এর কর্মচারীদের ভালো ঘুমের জন্য বাড়তি বোনাস দিচ্ছে। প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমোনোর শর্তে মার্কিন বীমা জায়ান্ট এইটনা  একজন কর্মীকে বছরে ৩০০ ডলার পর্যন্ত বোনাস দিচ্ছে।

প্রতিষ্ঠানটি মনে করে কর্মচারীরা আগের রাতে কেমন ঘুমোচ্ছে, তার ওপর তাদের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে। খবর বিবিসির।

প্রতিশ্রুতি অনুসারে আদৌ তারা ঘুমোচ্ছে কিনা, তার প্রমাণে কর্মচারীরা ঘুমের সময় কব্জির সঙ্গে একটি মনিটর বেঁধে রাখেন। ওই মনিটরের সঙ্গে সংযোগ থাকে অফিস কম্পিউটারের। অনেক সময় কর্মচারীদের মুখের কথাও গ্রহণ করে কোম্পানি। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কে মুনি বলেন, এ নিয়ে আমরা চিন্তিত নই, আমরা কর্মচারীদের বিশ্বাস করি।

২০০৯ সালে এইটনা ঘুমের এই স্কিম চালু করে। ২০০৪ সাল নাগাদ পঁচিশ হাজার কর্মচারীর দশ হাজারই এতে যোগ দেয়। গত বছর অর্থাৎ ২০১৫ সালেই যোগ দিয়েছেন ১২০০ কর্মচারী। শুধু ঘুম নয়, শরীরচর্চা করলেও কর্মচারীদের বাড়তি পয়সা দেয়া হয়।

সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আগের রাতে ঘুমের ওপর পরের দিনের কাজের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে। ২০১১ সালে আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের এক গবেষণায় বলা হয় - যুক্তরাষ্ট্রে ভালো ঘুমের অভাবে বছরে কর্মচারী প্রতি গড়ে ১১.৩ কর্মদিবস নষ্ট হয়।

টাকার হিসাবে এই ক্ষতি ২২৮০ ডলার। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মোট ক্ষতি হয় বছরে ৬৩০০ কোটি ডলারেরও বেশি। এসব বিবেচনা থেকেই এই বীমা কোম্পানি অভিনব এই স্কিম নিয়েছে এবং অব্যাহত রেখেছে।
     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.