সিলেটটুডে ডেস্ক | ২১ মার্চ, ২০১৫
ইয়েমেনের দুটি মসজিদের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরো শতাধিক। জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, শুক্রবার বিকেলে বদর ও আল-হাশুশ মসজিদে নামাজ পড়তে গেলে তিনজন আত্মঘাতী এ হামলা চালায়।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে জানা যায়, অনলাইনে দেওয়া এক বিবৃতিতে আইএস এ হামলা সম্বন্ধে বলেছে ‘এটি ক্ষুদ্র সূচনা মাত্র।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বিধর্মী’ হুতিদের এটি জেনে রাখা উচিত যে, আইএসের সৈন্যরা তাদের ধ্বংস না করা পর্যন্ত এবং সাফাভিদদের (ইরানিদের) হাত কেটে না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
শিয়া হুতিরা গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে নেয়, ইরান তাদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।
আইএস প্রথমবারের মতো ইয়েমেনে কোনো হামলার দায় শিকার করল। দেশটিতে আল কায়েদাকে সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।