Sylhet Today 24 PRINT

জাকির নায়েকের পক্ষে বিবৃতি দিয়ে বিপাকে তৃণমূল সাংসদ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের পক্ষ নিয়ে বিবৃতি দেয়ায় বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সাংসদ ইদ্রিস আলি।

আলি মন্তব্য করেছিলেন, “জাকির নায়েক এমন কিছু বলেননি যে তাঁকে নিষিদ্ধ করা হবে!” তাঁর এই মন্তব্যের পর দল থেকে ইদ্রিসকে সতর্ক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এ ব্যাপারে তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছেন, “যে বিষয়ে উনি (ইদ্রিশ) বিবৃতি দিয়েছেন সেটি খুবই স্পর্শকাতর। এই বিষয়ে দলে কোনও আলোচনা হয়নি। বিস্তারিত আলোচনার পরই দল এই বিষয়ে অবস্থান নেবে।

সম্প্রতি ঢাকার গুলশানে হোলি আর্টিজেন রেস্তোরায় হামলায় অংশ নেয়া একাধিক জঙ্গি জাকির নায়েকের অনুসারি জানার পর নড়েচড়ে বসে সরকার। ভারতে গ্রেপ্তার একাধিক জঙ্গিও জাকির নায়েক অনুসারি বলে খবর বের হয়।  পিস টিভির অনুষ্ঠানে বক্তৃতা করার সময় জাকির বলছেন, “সব মুসলিমেরই উচিত সন্ত্রাসবাদী হয়ে ওঠা৷” তার বিভিন্ন উস্কানিমুলক বক্তব্য আলোচনায় আসার পর ভারত ও বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.