Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের এক শহরে নিষিদ্ধ মুঠোফোন, তারবিহীন নেটওয়ার্ক!

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

তথ্য প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের একটি শহরে মোবাইল ফোনসহ তারবিহীন সকল নেটওয়ার্ক নিষিদ্ধ। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালেগেনি পার্বত্য এলাকার শহরটির নাম গ্রিন ব্যাংক। ওই শহরে প্রবেশ করা মাত্রই বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক। পাওয়া যায় না তারবিহীন ইন্টারনেট ব্যবহারের ওয়াই-ফাই প্রযুক্তিও।

এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পর্যন্ত রয়েছে। তবে এর পেছনে রয়েছে অন্য এক বড় কারণ।

‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে নীরব শহর’ নামধারী এই শহরে মূলত অ্যালেগেনি পর্বতমালা এলাকায় একদল গবেষক মহাবিশ্বের সুদূর প্রান্তে সশব্দে ফেটে পড়া ছায়াপথের আওয়াজ শুনছেন। এই সংকেত বা শব্দ অত্যন্ত ক্ষীণ, যা মুঠোফোন থেকে নির্গত শক্তির মাধ্যমে ভেসে যেতে পারে। এতে ছায়াপথের উৎপত্তি রহস্য জানতে উদ্‌গ্রীব বিজ্ঞানীদের গবেষণায় বিঘ্ন ঘটবে। তাই ওয়েস্ট ভার্জিনিয়ার পূর্বাঞ্চলের অর্ধেক, ভার্জিনিয়ার নির্দিষ্ট কিছু অংশ থেকে শুরু করে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত মুঠোফোন ও অন্যান্য তারবিহীন যন্ত্রের ব্যবহার সীমিত, আর গ্রিন ব্যাংকে পুরোপুরিই বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কারণ, এ শহরের কাছাকাছি এলাকায় বিজ্ঞানীরা স্থাপন করেছেন বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ (রবার্ট সি বার্ড গ্রিন ব্যাংক টেলিস্কোপ)। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি এটি নিয়ন্ত্রণ করে। দুই একর এলাকাজুড়ে বসানো সুবিশাল যন্ত্রটির ওজন ৭৭ লাখ ১১ হাজার কেজির বেশি। এটি কোটি কোটি মাইল দূরের আওয়াজ শুনতে পায়।

গ্রিন ব্যাংক টেলিস্কোপ প্রকল্পের প্রধান বিজ্ঞানী জে লকম্যান বলেন, ছোট্ট গ্রামীণ একটা পরিবেশে তাঁরা অত্যন্ত উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করার সমন্বিত পরিবেশ পেয়েছেন। অতি ধীর শব্দ শুনতে চাইলে আশপাশের সব কোলাহল বন্ধ রাখা চাই।

সূত্র: সিএনএন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.