Sylhet Today 24 PRINT

১০ টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলার হুমকি জাকির নায়েকের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

সংবাদ প্রচারের মাধ্যমে মানহানির অভিযোগে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করবেন বিতর্কিত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। তবে অভিযুক্ত টিভি চ্যানেলগুলোর নাম বলেননি তিনি।

শনিবার সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে এক ভিডিও কনফারেন্সে ড. জাকির নায়েক বলেন, ঢাকার গুলশানসহ বেশ কয়েকটি জঙ্গি হামলায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার কারণে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

জাকির নায়েক বলেন, যদিও আমার কোনো বক্তব্যে জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করার মতো বিষয় ছিল না, তারপরও মিডিয়াগুলো কুৎসা রটনা করে আমার মানহানি করেছে। এখন পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেনি বলেও দাবি করেন ড. জাকির নায়েক।

তিনি আরো বলেন, আমি বারবার বলছি নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা মানবজাতিকে হত্যা করা। জঙ্গি কার্যক্রমকে আমি ঘৃণা করি। এসময় তিনি ফ্রান্সে সন্ত্রাসী হামলারও নিন্দা জানান।

জঙ্গি কার্যক্রমে জড়িত অনেকেই আপনার সাথে দেখা করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিন আমি কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করি। আমি কি করে বলব কে জঙ্গি আর কে জঙ্গি নয়।

উল্লেখ্য, বাংলাদেশের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর হামলাকারীরা জাকির নায়েকের অনুসারী থাকার বিষয়টি সামনে আসার পর ভারত সরকারের নজরে পড়ে। এরপর তার বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ আনে ভারতীয় গণমাধ্যম। একই কারনে বাংলাদেশে বন্ধ করা হয় পিস টিভির সম্প্রচার।

সূত্রঃ দ্যা সিয়াসাত

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.