Sylhet Today 24 PRINT

‘ছাগল-মুরগি খেলে দোষ নেই, শুধু গরু খেলেই দোষ!’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ছাগল-মুরগিতে দোষ নেই‚ যত দোষ গরু খেলে! গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় জনসমাবেশে এ কথা বলেন তিনি।

জনসভায় মমতা জানান, তিনি সংখ্যালঘুদের পাশে ছিলেন‚ আছেন‚ থাকবেন। ওই জনসভায় তীব্র ভাষায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।

সভায় মমতা ভারতের গুজরাট রাজ্যে নির্যাতিত দলিতদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘ছাগল মুরগি খেলে দোষ নেই। গরু খেলেই দোষ! কেউ নিরামিষ খান। তাই বলে যাঁরা আমিষ খান, তাঁদের আক্রমণ করবেন? শাড়ি-ধুতিতে দোষ নেই। যত অপরাধ সালোয়ার-কামিজ আর লুঙ্গিতে?’

নাম উল্লেখ না করে বিজেপির বিশেষায়িত দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের (আরএসএস) সম্পর্কেও কথা বলেন মমতা। তিনি বলেন, ‘ভারতবাসী কী পরবে, কী খাবে‚ সেগুলো ঠিক করে দেবে একদল লোক?’

সভায় উপস্থিতদের মন্তব্য, সভায় বরাবরের মতো রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএম বা কংগ্রেসকে নিয়ে কথা বলেননি মমতা। কথার আক্রমণ শানিয়েছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.