Sylhet Today 24 PRINT

মুক্তি পেলেন তুরস্কের ৭ শতাধিক সেনা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৬

ফাইল ছবি

তুরস্কে গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে আটক সাত শতাধিক সেনাকে শনিবার মুক্তি দেয়া হয়েছে।

ইস্তাম্বুলের এক আদালতের নির্দেশে শনিবার বিশেষ আইনের আওতায় আটক ৭৫৮ সেনাকে মুক্তি দেয়া হয়। ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কোনো প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দেয়ার সুপারিশ করেন ওই আদালদের এক বিচারক। ফলে সরকার তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।

শনিবার রায় ঘোষণার সময় বিচারক বলেন, এসব সেনা ও সামরিক বিভাগের ছাত্রদেরকে অহেতুক আটকে রাখা হয়েছে। প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

তবে এখনও দেশটিতে বিনা বিচারে ২৩১ জন সেনাকে আটকে রাখা হয়েছে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের জারিকৃত নতুন ডিক্রির আওতায় মোট ৯৮৯ জন সেনাকে গ্রেপ্তার করা হয়। ওই আইনে যে কোনো ব্যক্তিকে বিনাবিচারে ৩০ দিনের বেশি সময় আটক করে রাখার বিধান রয়েছে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর একই সঙ্গে গোটা দেশ জুড়ে ৩ মাসের জরুরি অবস্থাও বলবৎ করা হয়।

সূত্রঃ সিএনএন। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.