Sylhet Today 24 PRINT

ভারতের তথ্য-প্রযুক্তি আইনের ৬৬ ধারা বাতিল

মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বিতর্কিত ৬৬ ধারা বাতিল করেছে।

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৫

মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বিতর্কিত ৬৬ ধারা বাতিল করেছে।  সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিতর্কিত কিছু ছবি বা লেখা পোস্ট করলে আর কাউকে গ্রেফতার করা যাবে না । তথ্য-প্রযুক্তি আইনের এই ধারাটি ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ অনেক সময়ই নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করেছে বলে অভিযোগ ছিল। সেই সমস্ত নিরপরাধ ব্যক্তিদের অপরাধ ছিল তাঁরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে না না রকম হাস্যকৌতুক বা ব্যঙ্গাত্মক বিষয় পোস্ট করত। এই ধারাকে ব্যবহারে করে গ্রেফতারের ফলে মানুষের বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকারই বিঘ্নিত হয়েছে, যা যেকোনও গণতন্ত্র রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। এমন মত দিয়েই এই ধারা বাতিল করল সেদেশের উচ্চ আদালত ।


শীর্ষ আদালত আজকের রায় বলেছে, তথ্য-প্রযুক্তি আইনের এই ধারা সংবিধানের প্রস্তাবিত মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত করেছে। তাই এই ধারাটি আইনের বই থেকে বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হল। যুক্তিসঙ্গত বিধিনিষেধের গণ্ডি পেরিয়ে প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষের ব্যক্তিগত মত প্রকাশে হস্তক্ষেপ করা যেত এই ধারা ব্যবহার করে।

তবে ভারতের শীর্ষ আদালত আজকের রায় বলেছে, যে কোনও রাজ্যের সরকার এখনও কোনও ওয়েবসাইটকে ব্লক করে দিতে পারে, যদি সেই সাইটের তথ্য কোনওভাবে সাম্প্রদায়িক সংঘাত, সামাজিক অস্থিরতা সৃষ্টি করে বা সেই সাইটের তথ্য ভারতের সঙ্গে তার কোনও প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক প্রভাবিত করে, তাহলে সেই সাইট অবশ্যই ব্লক করার অধিকার থাকছে রাজ্য সরকারগুলির।

 

বিচারপতি জে.চেলামেশ্বর এবং রোহিন্তন এফ নরিমানের ডিভিশন বেঞ্চ আজ এই ঐতিহাসিক রায় দিয়েছে। আইনের ৬৬এ ধারা বাতিল করার পক্ষে মামলা করেছিল কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা, আইনের ছাত্র-ছাত্রী এবং নাগরিক অধিকার রক্ষাকারী কিছু সংস্থা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.