Sylhet Today 24 PRINT

রেস্তোরাঁয় কাজে ওবামার মেয়ে!

অনলাইন ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে এক রেস্তোরাঁয় কাজ করছেন- এটা আশ্চর্য হওয়ার মত সংবাদই। আদতে তাই ঘটেছে। হোয়াইট হাউজের বিলাসী জীবনযাপনের মধ্যে গ্রীষ্মের ছুটিতে একটি রেস্তোরাঁয় কাজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থা ভিনিয়ার্ড দ্বীপের একটি সিফুড রেস্তোরাঁয় খাবার সরবরাহের কাজ করেছেন ১৫ বছর বয়সী সাশা। সামুদ্রিক খাবার আর মিল্কশেকের জন্য বিখ্যাত ওই রেস্তোরাঁটিতে কাজ করার কারণ হলো নিজেকে একটু স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার অভ্যাস তৈরি করা।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এমনটাই বলা হয়েছে।

দ্য বোস্টন হেরাল্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, সাশা সাধারণ একজন কর্মীর মতো ওই রেস্তোরাঁয় কাজ করছে। তার নিরাপত্তায় সেখানে সব সময় থাকছেন ছয়জন গোয়েন্দা কর্মকর্তা। তবে মজার ব্যাপার হচ্ছে, সাশার সহকর্মীরা প্রথমে তাকে চিনতে পারেনি। কারণ, সে তার নাম বলেছে নাতাশা। তবে এই ছয়জন বহিরাগত ব্যক্তির ব্যাপারে নাখোশ থাকলেও সাশার পরিচয় জানার পর সব সহকর্মী তো হতবাক। অবশ্য তার এই ‘চাকরি’ বেশি দীর্ঘ হচ্ছে না। দিনে চার ঘণ্টা সেখানে কাজ করেছে সাশা।

সাশার এক সহকর্মী মার্কিন একটি গণমাধ্যমকে বলেন, ‘তার (সাশা) কাজে আমরা খুশি। আমরা প্রথমে বুঝতে পারিনি। আমরা প্রথমে অবাক হয়েছিলাম কেন তার জন্য ছয়জন গোয়েন্দা কর্মকর্তা আছেন। পরে আমরা বুঝতে পারি যে সে কে।’

কিছু সময় কাউন্টার সামলানোর পর ওই রেস্তোরাঁয় সাশার কাজ হলো টেবিলের পাশে দাঁড়িয়ে ক্রেতাদের অর্ডার নেওয়া এবং মধ্যাহ্নভোজের প্রস্তুতির জন্য অন্যদের সাহায্য করা। তার নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোয়েন্দা দল রেস্তোরাঁর বাইরে একটি বড় গাড়িতে অপেক্ষা করে অথবা যখন পর্যটকদের খাবার সরবরাহ করে, তখন তার বেঞ্চের পাশেই তাঁদের দেখা যায়।

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন গণমাধ্যমের ওই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা অতীতে যেভাবে তাঁর সন্তানদের ব্যাপারে কথা বলেছেন এবং বিভিন্ন সময়ে যা দেখা গেছে, তাতে এ ব্যাপারটি অনেকটা স্বাভাবিকই মনে হচ্ছে।

সাশার ১৫ বছরের জীবনের প্রায় আট বছর কেটেছে হোয়াইট হাউসে কড়া নিরাপত্তার মধ্যে। বাবার প্রেসিডেন্টের দুইবারের মেয়াদ শেষ হওয়ায় আগামী জানুয়ারিতেই ছাড়তে হবে হোয়াইট হাউস। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো সময় কাটাতেই এ কাজ করছে প্রেসিডেন্টের কন্যা।

ম্যাসাচুসেটসের ওই রেস্তোরাঁটি বারাক ওবামার বন্ধুর। প্রতিবছর গ্রীষ্মের ছুটি কাটাতে গিয়ে এখানেই খাওয়াদাওয়ার কাজ সারে ওবামা পরিবার। এবারও আসবেন। তখনো সঙ্গে করে নিয়ে যাবে ছোট মেয়েকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.