Sylhet Today 24 PRINT

ফ্রান্সে পানশালায় আগুন লেগে ১৩ জনের মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

ফ্রান্সের উত্তরাঞ্চলের হুঁওতে শহরের একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন মারা গেছেন।  এ ঘটনায় আহত হয়েছে ছয়জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজনেভ এক বিবৃতিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত বলেছেন, শুক্রবার দিবাগত রাত (শনিবার প্রথম প্রহরে) এই দুর্ঘটনা ঘটে।

এএফপির খবরে জানানো হয়, পানশালাটির নাম কিউবা লিবার বার। গতকাল শুক্রবার রাত ১২টার কিছু সময় পর পানশালার ভূগর্ভস্থ কক্ষ থেকে আগুন লাগে। ওই সময় সেখানে এক ব্যক্তির জন্মদিনের অনুষ্ঠান চলছিল।

বিবৃতিতে ক্যাজনেভ বলেন, হুঁওর নগরকেন্দ্রে একটি পানশালায় আজ সন্ধ্যায় আগুন লেগেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এতে মোট ১৩ জন মারা গেছে। আহত হয়েছে ছয়জন। আগুন নেভাতে ৫০ জনের বেশি দমকলকর্মী অংশ নেয়। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে।

তদন্তের একটি সূত্র বলেছে, জন্মদিনের মোমবাতি থেকে আগুন লেগে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.