Sylhet Today 24 PRINT

পাকিস্তানের কোয়েটায় হাসপাতালে জঙ্গি হামলা, নিহত অন্তত ৬৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

পাকিস্তানের কোয়েটার শহরের একটি হাসপাতালে জঙ্গিদের বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কোয়েটার সিভিল হাসপাতালে সোমবার সকালে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

বিকট এ বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই আইনজীবী ও সাংবাদিক। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সরকারি হাসপাতালে এ বোমা হামলার ঘটনা ঘটে।
 
রোববার রাতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান বেলুচিস্তান বার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাসি। সোমবার সকালে তার মরদেহ হাসপাতালে পৌঁছানোর পরপর এ বোমা হামলার ঘটনা ঘটে। কোয়েটা হাসপাতালের মুল ফটকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষের বেশিরভাগই আইনজীবী ও সাংবাদিক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র আনওয়ারুল্লাহ কাকার বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে।

বোমা হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ‘‘বেলুচিস্তানের শান্তি নষ্ট করতে দেওয়া হবে না। এ প্রদেশের জনগণ, পুলিশ ও নিরাপত্তা বাহিনী দেশের জন্য ত্রাগ স্বীকার করেছে।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.