Sylhet Today 24 PRINT

অলিম্পিকে সাংবাদিকদের বাসে দুর্বৃত্তদের গুলি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬

দুর্বৃত্তদের হামলায় এবার আক্রান্ত হলো রিও অলিম্পিক। সরাসরি মিডিয়াকর্মীদের গাড়িতে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২/৩ জন সামান্য আহত হলেও কারও অবস্থা অতটা গুরুতর নয় বলে জানা গেছে।

খবরে জানা যায়, মঙ্গলবার বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের বহনকারী একটি বাস অলিম্পিক পার্কে যাওয়ার পথে তাতে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসটির দু’টি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও কারও শরীরে গুলি লাগেনি। তবে কাচের টুকরো লেগে আহত হয়েছেন অন্তত দুই থেকে তিন জন সংবাদকর্মী। ওই বাসে মোট ১২ জন বিদেশি সাংবাদিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে সেই বাসে থাকা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র একজন ফটোগ্রাফার এ বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

ডেভিড ডেভিয়েস নামের ওই সংবাদকর্মী বলেন, হঠাৎ গুলির শব্দ শুনলাম। সবাই আতঙ্কিত হয়ে পড়ি। নিজেদের বাঁচানোর চেষ্টা করি। চালক এক মিনিটের জন্য বাসটি থামিয়ে রেখেছিল। তখন পাশের লোকজন চিৎকার করছিল, ‘চলে যাও, চলে যাও’ বলে। কয়েক মিনিট পর ঘটনাস্থলে পুলিশ আসে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.