সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১১ আগস্ট, ২০১৬
ব্রিটেনের এমপিদের তৈরি এক প্রতিবেদনে জানা গেছে, ব্রিটেনে মুসলিম নারীরাই অর্থনৈতিকভাবে সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী। এমনকি অন্য নারীদের তুলনায় তাদের বেকারত্বের হার তিনগুন বেশি।
প্রতিবেদনটি তৈরি করেছে ব্রিটেনের এমপিদের কমিটি 'উইমেন অ্যান্ড ইকুয়ালিটিজ কমিটি'। তারা এই প্রতিবেদনে বলছেন, মূলত তিনটি কারণেই তাদের এই হাল। আর এসব কারণগুলো হলো- তারা নারী, সংখ্যালঘু নৃগোষ্ঠী ও মুসলিম।
কমিটি মনে করছে, এ বৈষম্য দূর করতে মন্ত্রীদের পরিকল্পনা গ্রহণ করা উচিত বছর শেষ হওয়ার আগেই। সরকার বলছে, সবার জন্য কাজের ব্যবস্থা করতে তারা অঙ্গীকারাবদ্ধ। ২০১১ সালের চেয়ে ৪৫ শতাংশ বেশি মুসলিম নারী এখন কাজ করছেন।
রিপোর্ট বলছে, ধর্মের কারণেই মুসলিম নারীরা বেশি বঞ্চনার শিকার হচ্ছে। মুসলিম নারীদের ওপর ইসলামোফোবিয়ার প্রভাবকে অবহেলা করা উচিত নয়।
রিপোর্ট অনুযায়ী, একই ধরণের শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা থাকা সত্ত্বেও খ্রিস্টান নারীদের চেয়ে প্রায় ৭১ শতাংশ বেশি মুসলিম নারী বেকার রয়েছে। এমনকি বৈষম্যের শিকার হওয়ার ভয় ও কাজের পরিবেশের কারনেও অনেক মুসলিম নারী চাকুরীর আবেদন করেন না।
ম্যানচেস্টারের একজন ২১ বছর বয়সী মুসলিম নারী বলেছেন, আমি দুটি ফোন ইন্টারভিউতে অংশ নিয়েছিলাম। ফোনে তারা বলেছিলো, আমিই যোগ্য পদটির জন্য। কিন্তু পরে যখন সামনা সামনি সাক্ষাৎকার হলো, আমার মাথায় স্কার্ফ দেখে তাদের সুর পাল্টে গেলো।