Sylhet Today 24 PRINT

আইএসে যোগ দেওয়া লন্ডনের স্কুলছাত্রী নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

ইসলামিক স্টেটে (আইএস) ২০১৫ সালে যোগ দেওয়া লন্ডনের তিন স্কুলছাত্রীর একজন মারা গেছে। খাদিজা সুলতানা নামের ওই ছাত্রীর পারিবারিক আইনজীবী রয়টার্সকে বৃহস্পতিবার এই তথ‌্য জানিয়েছেন।

খাদিজা সুলতানা নামের ওই ছাত্রী সিরিয়ার রাক্কায় কয়েক সপ্তাহ আগে নিহত হয় বলে তার পরিবার জানতে পেরেছে বলে জানিয়েছেন আইনজীবী তাসনিম আকুঞ্জি। রাকায় রুশ যুদ্ধবিমানের হামলায় সে নিহত হয় বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। এরআগে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আইটিভি নিউজ।

আইটিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সুলতানার বোন জানান, সুলতানা যুক্তরাজ‌্যে ফিরে আসার পরিকল্পনা করছিল। রাক্কা থেকে পালিয়ে আসার পরিকল্পনা নিয়ে তার সঙ্গে তার পরিবার যোগাযোগ রাখছিল। সম্প্রচারিত সাক্ষাৎকারে সুলতানার সঙ্গে টেলিফোন আলাপের রেকর্ডও শোনানো হয়।

১৬ বছর বয়সী সুলতানা তার আরো দুই বান্ধবীর সঙ্গে লন্ডনের গ‌্যাটউইক বিমানবন্দর দিয়ে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি তুরস্কে পাড়ি জমায়। এ ব‌্যাপারে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ‌্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব‌্য পাওয়া সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.