Sylhet Today 24 PRINT

ফুটবলার হাকান সুকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এরদোয়ানের

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

সাবেক ফুটবলার হাকান সুকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এরদোয়ান সরকার। হাকান সুকুর ২০০২ সালের তুরস্কের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন, এবং সে সময় দলটি বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করে।  

সুকুরের বিরুদ্ধে অভিযোগ তিনি তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় জড়িত ছিলেন।  একই সঙ্গে তার বাবা সেলমেটের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাকারিয়া প্রদেশের প্রসিকিউটর তুরস্কে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তানবুলের পূর্বে অবস্থিত সাকারিয়া প্রদেশের প্রসিকিউটর সুকুরের বিরুদ্ধে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগ আনা হয়েছে। এ সংগঠনটিকে তুর্কি সরকার যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনের সংগঠন হিসেবে মনে করে।

হাকান সুকুর ও তার পরিবার গত বছর তুর্কি ছেড়ে চলে যান। তবে তুরস্কের এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, শুক্রবার সাকারিয়া প্রদেশের প্রধান শহর আদাপাজারি থেকে সুকুরের বাবাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সুকুর এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।

তুরস্কের জাতীয় দলের হয়ে ১১২টি ম্যাচ খেলে রেকর্ড সংখ্যক ৫১টি গোল করেছেন হাকান সুকুর। ক্লাব ফুটবলে ইস্তানবুলের গ্যালাতসারের হয়ে তিনি দীর্ঘদিন খেলেছেন। এছাড়া ইতালির ইন্টার মিলানের হয়েও মাঠে নেমেছেন তিনি।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে নামেন সুকুর। ২০১১ সালে বর্তমানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির হয়ে এমপি নির্বাচিত হন। তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠলে ২০১৩ সালে সুকুর পদত্যাগ করেন।

গুলেনপন্থীদের পরিচালিত স্কুলগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোচ্চার ছিলেন সুকুর। চলতি বছরের জুন এরদোয়ানকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের অভিযোগে তার অনুপস্থিতে বিচার শুরু হয়।

উল্লেখ্য, গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছেন এরদোয়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.