সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১৩ আগস্ট, ২০১৬
রহস্যের দেশ উত্তর কোরিয়া। অনেক অলৌকিক ঘটনাই ঘটে এখানে! একঘরে এই রাষ্ট্রটি অনেক ‘ব্যতিক্রমধর্মী’ দাবি করে থাকে মাঝে মধ্যে।
এবার সর্বরোগের মহৌষধ আবিষ্কাররের দাবি করেছে তারা। তাদের দাবি, এমন এক ভায়াগ্রা বানিয়েছে তারা-যা সেবন করলে সব রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওরিয়েন্টাল ইন্সট্যান্ট মেডিসিনাল সেন্টারে এটি প্রস্তুত করা হয়েছে বলে তাদের দাবি।
দ্য বিজনেস ইনসাইডার জানায়, ‘নিও ভায়াগ্রা’ নামে এক হারবাল ওষুধ প্রস্তুতের দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটিতে ১২ থেকে ১৫ ডলারের বিনিময়ে এ ওষুধ বিক্রি করা শুরু হয়েছে এবং বিদেশে রফতানির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ল্যাবে পরীক্ষা করার পর এ মধ্যে ৫০ মিলিগ্রাম নিলডেনাফিলের উপস্থিতি পাওয়া গেছে।
ওয়াশিংটন পোস্ট জানায়, প্যাকেটে লেখা তথ্য অনুসারে ব্যাক পেইন, ঘাড় ও কনুই ব্যথা, প্যারালাইসিস রোগী, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কের সমস্যা এবং কিডনির অসুখ সারিয়ে তুলবে ‘নিও ভায়াগ্রা’।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয় যে, বিভিন্ন জাল পণ্য উৎপাদন করে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার আয় করে উত্তর কোরিয়া। এবারের উদ্যোগটি তেমন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে একবার বাজারে নকল ভায়াগ্রা ছেড়েছিল তারা।