Sylhet Today 24 PRINT

জাকির নায়েকের অ্যাকাউন্টে ৬০ কোটি রুপি, তদন্তে পুলিশ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

ভারতের বাইরের তিনটি দেশ থেকে গত তিন বছরে ৬০ কোটি রুপি জমা হয়েছে বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের অ্যাকাউন্টে। এই অর্থগুলো তার পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, “এই অর্থগুলো কী উদ্দেশ্যে দেয়া হয়েছে, তা আমরা এখনও জানি না। আমরা তদন্ত করে এই অর্থ লেনদেনের খবর জেনেছি। অর্থগুলো জাকির নায়েকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে।”

বিদেশ থেকে পাওয়া অর্থগুলো জাকির নায়েকের বেসরকারি সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে’র অ্যাকাউন্টে আসেনি বলে নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, জাকির নায়েকের এই বিশাল আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

তবে এখন পর্যন্ত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তাদের এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির আয় সংক্রান্ত নথিপত্র খুঁটিয়ে দেখতে খুব শিগগির ওই সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ ও ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এডুকেশনাল ট্রাস্ট’ নামের দুটি সংস্থা রয়েছে জাকির নায়েকের। অলাভজনক সেবা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেগুলোর বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.