Sylhet Today 24 PRINT

সৌদি বাদশাহকে উৎখাতের আহ্বান লাদেনপুত্রের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৯ আগস্ট, ২০১৬

সৌদি আরবের বাদশাহকে ক্ষমতা থেকে উৎখাত করতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আল কায়দার প্রতিষ্ঠাতা নিহত ওসামা বিন লাদেনের ছেলে। মার্কিন প্রভাব থেকে নিজেদের রক্ষার জন্য এ আহ্বান জানান লাদেনপুত্র হামজা বিন লাদেন।

জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রুপ সাইট ইনটেলিজেন্সের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

সাইট জানায়, ইয়েমেনভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলাতে (একিউএপি) সৌদি তরুণদের যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন হামজা। তারিখবিহীন এক অডিওবার্তায় যুদ্ধের প্রয়োজনীয় অভিজ্ঞতা লাভের জন্য একিউএপিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এক সূত্র থেকে জানা গেছে, আল কায়দার ইয়েমেন ও সৌদি শাখা হিসেবে প্রাণঘাতী এ জঙ্গি শাখা ২০০৯ সালের জানুয়ারিতে গঠন করা হয়।

সৌদি বংশোদ্ভূত ওসামা বিন লাদেনের পৈতৃক বাড়ি ইয়েমেনে। এক দশক ধরে পলাতক থাকার পর ২০১১ সালে যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর এলিট টিমের বিশেষ অভিযানে পাকিস্তানে নিহত হন ওসামা। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, ৯/১১ টুইন টাওয়ারে হামলার মূল হোতা ওসামা বিন লাদেনের অত্যন্ত প্রিয় ছিল ২৩ বছর বয়সী হামজা, যিনি লাদেনের মৃত্যুর পর আল কায়দার নেতৃত্ব নিতে সংগঠন থেকে উৎসাহ পেয়েছেন।

লাদেনের মৃত্যুর পর মিসরের আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরির তুলনায় জঙ্গিদের মধ্যে ক্রমবর্ধমান প্রাধান্য বিস্তার করেছে হামজা। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইরান সমর্থিত ইয়েমেনের সুন্নিপন্থী বিদ্রোহী ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.