সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১৯ আগস্ট, ২০১৬
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এক ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। বৃহস্পতিবার এক ভিক্ষুককে দেখে থামেন প্রধানমন্ত্রী। এসময় ওই ভিক্ষুকের সঙ্গে হাত মিলিয়ে তার কফি কাপে অস্ট্রেলীয় পাঁচ ডলার দেন তিনি। তাতেই ঘটে যায় বিপত্তি! অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল অর্থনীতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে যাওয়ার পথে ভিক্ষা দিয়ে এমন বিপাকে পড়েন। তাকে তীব্র বাক্যবাণে জর্জরিত হতে হয় সমালোচকদের। তবে এটাকে প্রধানমন্ত্রীর পক্ষে উদারতা উল্লেখ করেও কথা বলেছেন অনেকে। অন্যদিকে এভাবে অর্থ দেওয়ার জন্যও সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী।
ভিক্ষুকের কাপে ডলার গুঁজে রাখার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ (১৯ আগস্ট) শুক্রবার তা আলোচনার খোরাক জোগায়। লোকজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করছিলেন। কেউ কেউ টার্নবুলকে কৃপণ স্বভাবের উল্লেখ করে বলেছেন, তাঁর মতো সম্পদশালী ব্যক্তির পকেটে নোটের স্তূপ থেকে বেরোল মাত্র পাঁচ ডলার। অনেকের মতে, ক্যামেরার সামনে এমন হতাশাজনক উদারতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী।
মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট দোয়েল বলেছেন, ভিক্ষুকদের এভাবে অর্থ দিলে তা তাদের ড্রাগ আসক্তি বাড়িয়ে তুলবে। দারিদ্র্যকে আরও সুদৃঢ় করবে। ভিক্ষুকদের এভাবে অর্থ দেওয়ার বদলে দান করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।
‘লোকটির জন্য আমার খুব মায়া হচ্ছিল’ বলে এত সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর জবাব ছিল সাদাসিধে। এক রেডিও স্টেশনে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ঘটনায় মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে। আমি দুঃখিত যে বিষয়টি কাউকে কাউকে হতাশ করেছে।’
এ রকম সাধারণ উদারতা প্রদর্শন করতে গিয়ে টার্নবুলই শুধু এমন বিপাকে পড়েননি; এর আগেও অনেক রাজনীতিবিদ এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা এড মিলিব্যান্ড ২০১৪ সালে একজন গৃহহীন নারীকে দুই পেনি দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। সূত্র : বিবিসি