Sylhet Today 24 PRINT

বাবার শাসন থামাতে ধর্ষণের অভিযোগ মেয়ের!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

'ফিফটি শেডস অফ গ্রে' সিনেমার একটি দৃশ্য

আদালতে দাঁড়িয়ে বাবার দিকে আঙ্গুল তুলে মেয়েটা জানালো, "বাবা আমাকে টানা ৬ বছর ধরে ধর্ষণ করেছে"। একইসঙ্গে সে সবিস্তারে বর্ণনা করলো কিভাবে বাবা তার সঙ্গে জোরপূর্বক যৌনতায় মেতে উঠতেন।

পুরো ঘটনাটি পাত্র-পাত্রীদের নাম উল্লেখ না করে মেয়েটির বাবার আইনজীবী ব্রিটেনবাসী ক্যাথি ম্যাককুলোচ তার ব্লগে প্রকাশ করেন। তার লেখা থেকে জানা গেছে, মেয়েটির এই অভিযোগ এবং তার শারিরীক ভাষা সন্দেহজনক মনে হয়েছিল আইনজীবী ক্যাথি ম্যাককুলোচের। তারপর ক্যাথি তার মক্কেলের সঙ্গে কথা বলতে গিয়ে জেনে ফেলেন যে তার মেয়ের পছন্দের উপন্যাস ই এল জেমসের 'ফিফটি শেডস্ অফ গ্রে'।

আর এই পছন্দের উপন্যাসের সূত্র ধরেই বেরিয়ে এলো, মেয়েটা আসলে বাবার নামে মিথ্যা অভিযোগ করেছে। কিন্তু কেন সে এমন করলো?

আইনজীবী ক্যাথির খটকা লাগাতে, সেদিনই তিনি 'ফিফটি শেডস্ অফ গ্রে' পড়ে ফেলেন সারা রাত জেগে। আর তাতেই বুঝতে পারেন, ওই উপন্যাসের সতেরোটি অংশের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এই মেয়েটির অভিযোগ। ব্যস, তখনই সবকিছু পরিস্কার হয়ে যায় ক্যাথির কাছে।

পরদিনই আদালতে মেয়েটিকে জেরা করতে শুরু করেন আইনজীবী ক্যথি। দক্ষ আইনজীবীর জেরার সামনে সেই মেয়ে ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় যে তার বাবার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সে এই অভিযোগ এনেছে কারণ, তার বাবা অত্যন্ত কড়া স্বভাবের মানুষ। সবসময় শাসনে রাখতেন তাকে। তাই তাকে ‘শিক্ষা’ দিতেই সে এই ছক বানায়।

আদালতের সামনে সব কিছু পরিস্কার হয়ে যাওয়াতে আদালত তত্ক্ষণাৎ অভিযুক্ত ব্যক্তিকে মুক্তির আদেশ দেন। অবশ্য এই মারাত্মক অপরাধের পরও বাবা তার মেয়ের বিরুদ্ধে কোন অভিযোগ আনেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.