Sylhet Today 24 PRINT

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি, নিহত ৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আরএআই জানিয়েছে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোর রাত ৩টা ৩৬ মিনিটে উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশের নোরসিকা টাউনের কাছে শক্তিশালী এ ভূমিকম্পটি হয়।

ভোররাতে প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্প উপকেন্দ্রের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাজধানী রোমের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।

এর এক ঘণ্টা পর একই এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।

ক্ষতিগ্রস্ত আমাত্রিসি টাউনের মেয়র সের্গিও পিরোজ্জি রাষ্ট্রীয় আরএআই টেলিভিশনকে ব্যাপক ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বলেন, 'শহরের অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ভূমিকম্পে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এবং সম্ভব একটি সেতু ধসে পড়েছে।”

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি `তীব্র’ ছিল।

ইতালির দমকল বাহিনীর মুখপাত্র লুকা কারি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ‘হতাহতের খবরও পাওয়া গেছে’। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোনটো বলে ধারণা করা হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কারি। ক্ষয়ক্ষতি নিরূপণে প্রাথমিকভাবে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।  

উমব্রিয়ার সিসেল্লি এলাকার লিনা মেরক্যান্টিনি বলেন, 'এটা অত্যন্ত শক্তিশালী ছিল। মনে হচ্ছিল বিছানাটা আমাদের নিয়ে রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে।'

নিকটবর্তী শ্চেজ্জিনো টাউনের বাসিন্দা ওলগা উরবানি বলেন, 'হায় খোদা, এটা ভয়াবহ ছিল। দেয়ালগুলো ফাটল ধরে যায় আর বইগুলো সব শেলফ থেকে পড়ে যায়।'

ভূমিকম্পের কারণে উমব্রিয়া অঞ্চলের গুবিয়োর বাড়ি থেকে বের হয়ে আসা মাত্তেও বের্লেঙ্গা বলেন, 'এটি আমার জীবনের সবচেয়ে বাজে (ভূমিকম্প)।'

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির মুখপাত্র এক টুইটার মন্তব্যে জানিয়েছেন, ইতালি সরকার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবারের এ ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, এবং উৎপত্তিস্থল ছিল দেশটির নোর্চা এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.