Sylhet Today 24 PRINT

তুরস্কে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৯

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৬

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিজরা শহরে পুলিশ ভবনের বাইরে আজ শুক্রবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯ জন তুর্কি পুলিশ নিহত হয়ছে। আহত হয়েছে ৬৪ জন। হামলার জন্য দেশটির নিষিদ্ধঘোষিত বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে সরকারি সংবাদ সংস্থা আনাদোলু।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের কিজরেত শহরের এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একটি বহুতল ভবন ধ্বংস হওয়ার চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স বলছে, ওই হামলায় অন্তত ৯ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএফপির খবরে জানানো হয়, সরকারি সংবাদ সংস্থা আনাদোলু বলছে, পুলিশ ভবন থেকে ৫০ মিটার দূরে একটি নিয়ন্ত্রণ ফাঁড়িতে গাড়িবোমা হামলা হয়। হামলায় পুলিশ সদর দপ্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে এএফপি জানায়, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্সের খবরে জানানো হয়, হাসপাতাল সূত্রগুলো বলছে, হামলায় কমপক্ষে নয়জন পুলিশ নিহত ও ৬৪ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক লোক ও পুলিশের সংখ্যা জানা যায়নি।

টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্যের বরাত দিয়ে এএফপি বলছে, ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়ায় সেখানকার আকাশ ছেয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পুলিশ ভবনটির বেশ কয়েক জায়গায় আগুন জ্বলছে।

হামলার পর সিরনাক প্রদেশের রাজধানী জিজরার প্রধান সড়কগুলোতে অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।

তুরস্কের বিরুদ্ধে পিকেকে ১৯৮৪ সালে প্রথম অস্ত্র হাতে তুলে নেয়। তখন থেকে তুরস্কে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। ২০১৫ সালে তুরস্কের সঙ্গে কুর্দি বিদ্রোহীদের আড়াই বছরের পুরোনো শান্তিপ্রক্রিয়া ভেঙে যায়। ১৫ জুলাই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সরাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর গত সপ্তাহে হামলা চালায় পিকেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.