Sylhet Today 24 PRINT

কলকাতায় বাংলাদেশ বইমেলা ১ সেপ্টেম্বর থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ বইমেলা আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। 

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সার্বিক বিষয় তুলে ধরেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আকতারী।

তিনি জানান, কলকাতার রবীন্দ্র সদনের উন্মুক্ত প্রাঙ্গণে এবারের মেলায় বাংলাদেশের ৫০টি প্রকাশনা অংশ নেবে। মেলায় সেমিনার ছাড়াও রয়েছে বিভিন্ন আয়োজন।

 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ সেপ্টম্বর বিকেল পাঁচটায় মেলার উদ্বোধন করবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এতে প্রধান অতিথি থাকবেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সম্মানিত অতিথি থাকবেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ।
 
মেলায় অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সেমিনার। এর মধ্যে ‘গ্রন্থ সেতু নির্মাণ: লেখক, পাঠক, প্রকাশক ও নীতি নির্ধারকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব বর্মণের উপস্থিতিতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের প্রকাশক ও লেখক মফিদুল হক।
সঙ্গীত পরিবেশন করবেন লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ও মেহের আফরোজ শাওন।

সোম থেকে শুক্রবার প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হলেও শনি ও রোববার বিকেল ৩টায় শুরু হয়ে মেলা শেষ হবে রাত ৮টায়।

জাতীয় গ্রন্থকেন্দ্র ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতা এবং কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ব্যবস্থাপনায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মাযহারুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য,বাংলাদেশের বই ও লেখকদের পশ্চিমবঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে এ বইমেলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.