Sylhet Today 24 PRINT

বোল্টের ৯ সোনার পেছনে গরুর মাংস!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

অলিম্পিকে এবার নয়টি সোনা জয় করেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। কিন্তু বোল্টের সোনা জয়ের পেছনের রহস্য বের করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের বিজেপির সংসদ সদস্য ও দলিত নেতা উদিত রাজ। খবর বিবিসির।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মন্ত্রী উদিত রাজ মন্তব্য করেছেন, গরুর মাংস খান বলেই উসাইন বোল্টের এমন সাফল্য।  
 
তার এই মন্তব্যটি ভাইরাল হয়ে পড়েছে অনলাইনে। এমন মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজ।  
 
রাজ টুইট বার্তায় লিখেছিলেন, 'জ্যামাইকান উসাইন বোল্ট গরীব ছিলেন। তার প্রশিক্ষক তাকে গরুর মাংস খেতে বলে এবং সে অনুযায়ী চলার কারণে অলিম্পিকে নয়টি সোনা জয় করতে পেরেছেন উসাইন বোল্ট।
 
আর এরপরেই টুইটারে নানা ধরনের মন্তব্য আসতে থাকে।
 
একজন মন্তব্য করেন, 'বিজেপির এই এমপি উসাইন বোল্টের নাম নিয়ে মানুষকে গরুর মাংস খেতে উৎসাহিত করছেন'।
 
দিলীপ জেইন নামে একজন লিখেন, 'এটা একটা অর্থহীন টুইট, আশা করি রাজ তার পরবর্তী টুইটে এর সংশোধন করবেন।
 
তা অবশ্য করেছেন উদিত রাজ। বিতর্ক জোরালো হবার পর গো-মাংস ও বোল্ট নিয়ে নিজের টুইটের ব্যাখ্যাও দেন তিনি।
 
রাজ লিখেন, ''আমি গরুর মাংস খেতে মানুষকে উৎসাহ দেইনি।আমি শুধু বুঝানোর চেষ্টা করেছিলাম গরীব হয়েও উসাইন বোল্ট কিভাবে এতগুলো সোনা জয় করতে সক্ষম হলো”।
 
'বোল্টের সাফল্য দেখে যেন আমাদের খেলোয়াড়েরাও উৎসাহী হয় সেটাই আমি চাইছিলাম। বুঝাই চাইছিলাম, পরিকাঠামো ছাড়াও অর্থ না থাকলেও মনের জোর থাকলে সাফল্য পাওয়া যায়' - টুইটারে এমন ব্যাখ্যা দিয়েছেন উদিত রাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.