Sylhet Today 24 PRINT

ইভ টিজার শিক্ষককে বাঁশ দিয়ে পেটাল ২ ছাত্রী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৬

ইভ টিজিংয়ের দায়ে এক গৃহ শিক্ষককে বাঁশ দিয়ে পিটিয়েছেন ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী। রোববার দেশটির ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

দ্য হিন্দু বলছে, ওইদিন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ফেরার সময় এক ছাত্রীর পথ রোধ করেন বিনোদ সাহ নামের এক মোটরবাইক আরোহী। ওই ছাত্রীটিকে মোটরসাইকেলে চড়িয়ে হোস্টেলে এগিয়ে দেওয়ার প্রস্তাবও দেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই ছাত্রীটি বলেছেন- বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা একদম ফাঁকা ছিল সেই সময়। হঠাৎই মোটরসাইকেল নিয়ে আমার সামনে এসে হাজির হয় লোকটি। সে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। আমি প্রথমে ঘাবড়ে যাই। তারপরেই একটা বাঁশ তুলে ভয় দেখাতে সে পালায়।

তারপর এক বান্ধবীকে ফোন করে ডেকে আনেন ওই ছাত্রীটি। একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় ইভ টিজার বিনোদ সাহকে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে দুজনে মিলে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন। ততক্ষণে পুলিশ হাজির হয়ে যায়, অন্যরাও তখন জড়ো হয়।

বিবিসি বলছে, ইভ টিজার ওই গৃহশিক্ষককে পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবে। তাতে দেখা যাচ্ছে, দুই ছাত্রী ক্রমাগত বাঁশ দিয়ে পেটাচ্ছেন রাস্তায় বসে থাকা ন্যাড়া মাথার ওই মধ্যবয়সীকে।

তিনি যতবার উঠে দাঁড়াতে যাচ্ছেন, ততবারই ছাত্রীরা বাঁশ দিয়ে পেটাচ্ছেন আর ওড়িয়া ভাষায় ধমকাচ্ছেন। কয়েকবার হাত জোড় করে ক্ষমা চাইলে আরও মার পড়ছে পিঠে, হাতে, পায়ে। সোমবার ওই ইভ টিজারকে গ্রেফতার করে পুলিশ।

ইভ টিজারকে পেটানোর দৃশ্যর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ ওই দুই ছাত্রীর প্রশংসা করেছেন বলেও জানানো হয় বিবিসির প্রতিবেদনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.